Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে যে কীর্তিতে ভারত-পাকিস্তানেরও আগে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জয় যে কোনো দলের জন্যই স্বপ্নের মতো। অজিদের মাটিতে তাদেরই হারিয়ে সাদা পোশাকে জয় ছিনিয়ে নেওয়া সফরকারী দলের দক্ষতা, মানসিকতা আর ধৈর্য্যের প্রমাণ দেয়। ২৩ বছর পর ক্রিকেটের মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে খেলতে নেমে এমনই স্বপ্নের মত এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে ভারত-পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে থেকে দারুণ এক কীর্তিও গড়েছে টাইগাররা। শুধু তাই নয়- এই কীর্তিতে ওয়েস্ট এবং নিউজিল্যান্ডের মত দলের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ নিজেদের সবশেষ টেস্ট খেলেছিল ২৩ বছর আগে। এরপর প্রায় দুই যুগের কাছাকাছি সময় পর আবার অজিদের দেশে সাদা পোশাকে খেলল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর খেলতে নেমেই দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। এক দিনেরও বেশি সময় হাতে রেখে ৯ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে নাজমুল শান্তর দল। ব্যাটে-বলে দুই বিভাগেই অজিদের উপর ছড়ি ঘুরিয়েই এই জয় সফরকারীদের। 

এই জয়ে বাংলাদেশ গড়েছে দারুণ এক কীর্তি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিততে সবচেয়ে কম ম্যাচ খেলার তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে যৌথভাবে দুই নম্বরে। অর্থাৎ অস্ট্রেলিয়ায় নিজেদের তৃতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এ তালিকায় সবার উপরে আছে ইংল্যান্ড। ইংলিশরা নিজেদের দ্বিতীয় ম্যাচেই অজিদের হারিয়েছিল। বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা। তাদেরও টাইগারদের সমান তিনটি ম্যাচই লেগেছিল। 

এ তালিকায় পাকিস্তান এবং ভারতের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিততে পাকিস্তানের খেলতে হয়েছে ৭ ম্যাচ যেখানে ভারতের লেগেছে আরও বেশি সময়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট জিততে ভারতের খেলতে হয়েছে ১২টি ম্যাচ। ১২তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পায় দলটি। 

এ তালিকায় ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের চেয়েও বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের খেলতে হয়েছে ৫ ম্যাচ এবং নিউজিল্যান্ড খেলেছে ৭ ম্যাচ। বাংলাদেশের এই জয় তাই নিশ্চিত ভাবেই দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক এক জয়।