Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশের জয়ে ভারতের লাভ নাকি ক্ষতি হলো, ফাইনালে যেতে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

ডারউইনের মাঠে যখন শেষ উইকেট পড়ল, তখন শুধু একটি ম্যাচের ফল নয়; বাংলাদেশ ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে নেমেই টাইগাররা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। দেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়।

এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থানের বড় পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়া এখনো শীর্ষে রয়েছে। তবে তাদের পয়েন্ট শতাংশ আগের ৮৭.৫০ থেকে কমে ৭৭.৭৮-এ নেমে এসেছে। এদিকে বাংলাদেশ চতুর্থ স্থানেই আছে। তাদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩ থেকে বেড়ে ৬৬.৬৭ হয়েছে। ভারত রয়েছে পঞ্চম স্থানে, ৪৮.১৫ শতাংশ নিয়ে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই পরাজয় ভারতের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও ফাইনালে ওঠার পথ এখনো সহজ নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ২-০ এবং তার আগে নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারের ধাক্কা এখনো কাটেনি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে ভালো ফল এবং পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে শক্তিশালী পারফরম্যান্সই ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরও বড় পরীক্ষা হতে পারে।

আরও পড়ুন-ওয়াসিম আকরাম-টেটেইর পর ইতিহাসের সেরা হাসান

আরও পড়ুন-অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে এখনো ১৩টি টেস্ট বাকি, যা নয় দলের মধ্যে সবচেয়ে বেশি। আগামী বছরের শুরুতে ভারত সফরে পাঁচ টেস্টের সিরিজ তাদের জন্য বিশেষ চ্যালেঞ্জ। ভারতের মাঠে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রেকর্ডও খুব একটা ভালো নয়। সর্বশেষ ১২ টেস্টে মাত্র দুটি জয়। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভালো ফল করে ভারত সফরের আগে অবস্থান শক্ত করার পরিকল্পনায় বাংলাদেশের কাছে হার বড় ধাক্কা দিয়েছে। ফাইনালে জায়গা নিশ্চিত করতে তাদের বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত আটটি জিততে হতে পারে।

বাংলাদেশের জন্য এই জয় শুধু ফলাফলের হিসাব নয়। পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারানোর পর এবার অস্ট্রেলিয়াকেও ঘরের মাঠে হারিয়ে আত্মবিশ্বাস আরও মজবুত হলো। সামনে অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলতে হবে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাকি চারটি টেস্টে ভালো ফল করতে পারলে পয়েন্ট টেবিলে অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে।

এসটি