স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম
কখনো কখনো জয় শুধু জয় হয় না। সেটা হয়ে ওঠে গর্বের প্রতীক, দেশের নাম উজ্জ্বল করার মুহূর্ত। ঠিক তেমনই এক মুহূর্ত এসেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্বাগতিক শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে টাইগাররা। রোববার ডারউইনের মারারা ওভালে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয় শুধু মাঠের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মুখে হাসি আর চোখে আনন্দের ঝিলিক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, এটা বাংলাদেশের যেকোনো ফরম্যাটে সবচেয়ে বড় জয়। দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। এখন সামনে আরও বড় কিছু করার স্বপ্ন দেখছেন তারা।
আরও পড়ুন-ওয়াসিম আকরাম-টেটেইর পর ইতিহাসের সেরা হাসান
এই ঐতিহাসিক সাফল্যের খবর পেয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোন দিয়ে তিনি সবাইকে অভিনন্দন জানান। শরীরের অবস্থা জানতে চেয়েছেন, ভালো আছেন কি না খোঁজ নিয়েছেন।
অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’
আরও পড়ুন-গাড়িতে বসেই ভিডিওকলে ক্রিকেটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
বোর্ড সভাপতি, ক্রীড়া প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই ফোন করে অভিনন্দন জানিয়েছেন। শান্ত বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।’
এর আগে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজ মাটিতে এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা আর দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।’ তিনি আরও আশা প্রকাশ করে বলেছেন, ‘পরের টেস্টেও ধারাবাহিকতা বজায় রাখবে বাংলাদেশ এবং সিরিজ জয় করবে।’
এসটি