Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ওয়াসিম আকরাম-টেটেইর পর ইতিহাসের সেরা হাসান

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০১:৩৯ পিএম

ডারউইনের গরম হাওয়ায় এক বাংলাদেশি পেসার যেন ঝড় তুলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই হাসান মাহমুদ শুধু ম্যাচ জিতিয়ে দেননি, লিখে ফেলেছেন ইতিহাস। নয় উইকেটের ঝড়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন গর্ব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই স্মরণীয় জয়ে হাসান মাহমুদ ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসেই তিনি তুলে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ৩টি যোগ করে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন। তার বোলিং ফিগার দাঁড়ায় ৯ উইকেট ১১১ রানে।

আরও পড়ুন:অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর বাংলাদেশের

এই পারফরম্যান্স তাকে এক বিশেষ তালিকায় জায়গা করে দিয়েছে। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে কোনো সফরকারী পুরুষ বোলারের সেরা ম্যাচ বোলিংয়ের তালিকায় এখন হাসানের ৯/১১১ তৃতীয় সেরা। তার উপরে আছেন দুই কিংবদন্তি ইংল্যান্ডের মরিস টেট ও পাকিস্তানের ওয়াসিম আকরাম।

১৯২৪ সালে সিডনিতে মরিস টেট নিজের প্রথম টেস্টেই নিয়েছিলেন ১১ উইকেট ২২৮ রানে। প্রায় ছয় দশক পর ১৯৯০ সালে মেলবোর্নে ওয়াসিম আকরাম নেন ১১ উইকেট ১৬০ রানে। সেই তালিকায় এবার নাম লেখালেন বাংলাদেশের হাসান মাহমুদ।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার মাটিতে এই জয়ই টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি

ম্যাচ শেষে হাসান জানিয়েছেন, ফলাফল নিয়ে ভাবার সময় ছিল না তাদের। অনুশীলনের প্রতিটি মুহূর্তে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তারা। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে কোচদের সঙ্গে পরিকল্পনা, ভিডিও বিশ্লেষণ আর মাঠে ধৈর্য ধরে সঠিক লাইন-লেন্থে বোলিং; এই সবকিছুই কাজে লেগেছে বলে মনে করেন তিনি।

হাসান বলেন, “ম্যাচের আগে অনুশীলন সেশনে আমরা প্রতিটি সেকেন্ডে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ফলাফল কী হবে তা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছি। কোচদের সঙ্গে দলীয় পরিকল্পনা ছিল, ভিডিও দেখেছি, মাঠে গিয়ে সেগুলোই বাস্তবায়ন করেছি। বোলাররা ধৈর্য ধরে সঠিক লাইন ও লেন্থে বল করেছে। ফলাফলও এসেছে।”

তিনি আরও যোগ করেন, “আমার দেশের মানুষ আমার জন্য খুব খুশি হবে। তারা উদযাপন করবে।”

এসটি