Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মেসির জন্য গোপনীয়তা চান ইন্টার মিয়ামি কোচ

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

বাবা হোর্হে মেসির প্রয়াণের পর শোকাতুর আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে খেলায় ফিরতে যথেষ্ট সময় ও প্রয়োজনীয় গোপনীয়তা দেওয়ার জন্য সমর্থক ও গণমাধ্যমের প্রতি বিনীত আবেদন জানিয়েছেন ইন্টার মায়ামির কর্মকর্তারা। আগামী মেজর লিগ সকার ম্যাচের প্রস্তুতি নিতে গিয়ে ক্লাবটির হেড কোচ গুইলেরমো হোয়োস মেসির প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার ওপর জোর দেন। উল্লেখ্য, গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মায়ামি কোচ হোয়োস বলেন, "আমার মনে হয় প্রতিটি বিষয়কে স্বাভাবিক গতিতে এগোতে দেওয়া উচিত। কারণ এটি এক গভীর বেদনার বিষয়, যা রাতারাতি বদলে যায় না। তাই এই মুহূর্তে নিরবতা বজায় রাখাই সবচেয়ে শ্রেয় উপায়। নীরবতা, প্রশান্তি ও শান্তিই তাঁকে নিজের মতো করে ওঠার সময় করে দেবে। আমাদের উচিত নীরবতা ভাগ করে নিয়ে তাঁর পাশে থাকা। মেসি সত্যিই এক চমৎকার মানুষ এবং তাঁর একটি দারুণ পরিবার রয়েছে।"

পিতার মৃত্যুর পর গত সপ্তাহান্তে রোজারিওতে গিয়ে ব্যক্তিগত স্মরণসভায় যোগ দিয়েছিলেন মেসি। পরবর্তীতে মায়ামিতে ফিরে এসে গত বুধবার নু স্টেডিয়ামে ক্লাব লিওনের বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইন্টার মায়ামি দলে ফেরেন তিনি। ম্যাচটিতে প্রথমার্ধে বেঞ্চে থাকার পর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা।

শোকের মধ্যেও দলের প্রতি মেসির এই অসামান্য প্রতিশ্রুতি নিয়ে হোয়োস বলেন, "ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই। মানুষ হিসেবে তাঁর এই মহানুভবতার কোনো তুলনা হয় না। আমরা তাঁর খেলোয়াড়ী মান নিয়ে কথা বলছি না, বলছি বিশাল হৃদয়ের একজন অসাধারণ মানুষ হিসেবে তাঁর মানবিক মূল্যের কথা। কিছু কিছু ক্ষেত্রে শব্দ আসলেই যথেষ্ট নয়।"

আসন্ন এমএলএস ম্যাচে শনিবার নাশভিল এসসির মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি। জিওডিস পার্কে হতে যাওয়া এই ম্যাচের জন্য শুক্রবার দলের সাথে অনুশীলনে অংশ নিয়েছেন মেসি। নাশভিলের বিপক্ষে ম্যাচের পর আগামী বুধবার ফিলডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হতে সফর করবে ইন্টার মায়ামি।