Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ফুটবলে কি তবে নতুন ইয়ামালের সূচনা, নজরে বার্সার

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

লামিনে ইয়ামালের মতোই আরেকটি নাম এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে। মাত্র কিশোর বয়সেই যিনি নিজের প্রতিভার জাদু দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন, তিনি হলেন মঁপেলিয়ের তরুণ স্ট্রাইকার লাসিনেমেনিয়ান-পাভে।

১.৮৭ মিটার উচ্চতার এই শক্তিশালী আক্রমণভাগের খেলোয়াড় মঁপেলিয়ে একাডেমিতেই বড় হয়েছেন। ছোটবেলা থেকেই ক্লাবের বয়সভিত্তিক দলগুলোতে খেলে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। এতটাই দ্রুত এগিয়েছেন যে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ পেশাদার খেলোয়াড় হিসেবে নাম লেখাতে সক্ষম হয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবর অনুযায়ী, বার্সেলোনা, চেলসি ও আর্সেনালের মতো শীর্ষ ক্লাবগুলো ইতিমধ্যেই তাকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টায় নেমেছে। ফলে নিজেদের এই রত্নকে ধরে রাখা মঁপেলিয়ের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

২০১০ সালের ৭ মার্চ মঁপেলিয়েতে জন্ম নেওয়া পাভে অনূর্ধ্ব-৭ দল থেকেই ক্লাবের সঙ্গে যুক্ত হন। ধাপে ধাপে উন্নতি করে তিনি এখন শুধু শক্তিশালী সেন্টার ফরোয়ার্ডই নন। গোল এলাকায় বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, সতীর্থদের সঙ্গে দারুণ লিংকআপ খেলা এবং আক্রমণ গড়ে তোলার ক্ষমতাও তার আছে। বয়সের তুলনায় অনেক পরিপক্ক স্ট্রাইকার তিনি।

তার দ্রুত উন্নতির কারণে মঁপেলিয়ে তাকে প্রায়ই বয়সের চেয়ে বড় দলে খেলিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি মাত্র ১৫ বছর বয়সে তিনি প্রথম পেশাদার চুক্তিতে সই করেন। চুক্তিটি ২০২৮ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে। ক্লাব সভাপতি লরঁ নিকোলিন নিশ্চিত করেছেন, মঁপেলিয়ের ইতিহাসে এর আগে এত কম বয়সে কেউ পেশাদার চুক্তি করেননি।

বড় ক্লাবগুলোর আগ্রহ থেকে তাকে বাঁচাতেই ক্লাব দ্রুত এই সিদ্ধান্ত নেয়। ২০২৬ সালের কুপ গামবার্দেলায় মঁপেলিয়ের ফাইনালে পৌঁছানোর পেছনেও তার বড় অবদান ছিল। টুর্নামেন্টে তিনি তিনটি গোল করেন। তবে স্তাদ দে ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে পিএসজির কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয় তার দল।

ফ্রান্সের অনূর্ধ্ব-১৬ বা অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কত্বও করেছেন তিনি। এত আলোচনার মধ্যেও পাভে মাথা ঠান্ডা রেখেছেন। পেশাদার চুক্তিকে নিজের শৈশবের স্বপ্ন পূরণ বলে উল্লেখ করলেও জানিয়েছেন, এটা কেবল শুরু মাত্র।