Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

৫৬০ কোটি টাকায় অ্যাতলেতিকোতে পাড়ি জমালেন আর্জেন্টাইন ফুটবলার

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

পাঁচ মৌসুম ধরে টটেনহ্যাম হটস্পারের জার্সি গায়ে লড়াই করেছেন যে আর্জেন্টাইন ডিফেন্ডার, সেই ক্রিশ্চিয়ান “কুটি” রোমেরো এবার নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন। স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদই হয়ে উঠছে তার পরবর্তী গন্তব্য।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক খোলা চিঠি লিখে বিদায়ের কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী এই বিশ্বজয়ী ফুটবলার। তিনি লিখেছেন, “পাঁচটি বছর এটি কেবল একটা ক্লাব ছিল না, এটি ছিল আমার ঘর। স্মৃতিতে ভরা হৃদয় আর অর্জনের বিশাল গর্ব নিয়ে আজ বিদায় নিচ্ছি। একসময় আমি তোমাদেরই একজন ছিলাম, আর আজও তোমাদের একজন হয়েই চিরদিনের জন্য বিদায় নিচ্ছি।”

প্রায় ৪ কোটি ইউরো (প্রায় ৫৬০ কোটি টাকা) মূল্যের এই ট্রান্সফারে সম্মতি দিয়েছেন রোমেরো। ডিয়েগো সিমিওনের দলে যোগ দিয়ে লা লিগায় খেলার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ইন্টার মিলান ৩৫ মিলিয়ন ইউরোর সঙ্গে অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও, স্প্যানিশ লিগই ছিল তার প্রথম পছন্দ।

২০২১ সালে ইতালির আতালান্তা থেকে টটেনহ্যামে যোগ দিয়ে তিনি মোট ১৫৬ ম্যাচ খেলেছেন। সেখানে ১৩ গোল ও ৭টি অ্যাসিস্ট তার নামে রয়েছে। সবচেয়ে বড় অর্জন আসে ২০২৪-২৫ মৌসুমে তার নেতৃত্বেই স্পার্স ৪১ বছর পর আন্তর্জাতিক ট্রফি জিতে নেয় উয়েফা ইউরোপা লিগ।

হাঁটুর ইনজুরির কারণে গত মৌসুমের শেষভাগ এবং সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছিল। এখন সুস্থ হয়ে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত কুটি রোমেরো।