Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

ফুটবল মাঠে যারা একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে তাদের সম্পর্ক কখনো কখনো ভিন্ন রূপ নেয়। লিওনেল মেসি যখন বাবার মৃত্যুতে শোকাহত, তখন ক্রিশ্চিয়ানো রোনালদো এগিয়ে এসেছেন একদম মানবিকভাবে। সম্প্রতি মেসি তার বাবা হোর্হে মেসির প্রয়াণে যে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, সেখানে রোনালদোর লেখা সহানুভূতির বার্তা এখন ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের রেকর্ড গড়েছে।

রোনালদো লিখেছিলেন, এই কঠিন সময়ে লিও ও তার পরিবারের জন্য পরম উষ্ণ সমবেদনা। শক্ত থাকো। মাত্র তিন দিনেরও কম সময়ের মধ্যে এই কমেন্টে ৬৫ লাখের বেশি লাইক পড়েছে। ইনস্টাগ্রাম অ্যাপে কোনো একক কমেন্টে এত লাইক আগে কখনো পাওয়া যায়নি।

মজার বিষয় হলো, এই রেকর্ড আগেও রোনালদোর দখলেই ছিল। ২০২৪ সালে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিলে রোনালদো তাকে অভিনন্দন জানিয়ে কমেন্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, এবার আমার দেখার পালা। বার্নাব্যুতে তোমাকে জ্বলে উঠতে দেখার অপেক্ষায় রইলাম। সেই কমেন্টটি ২০২৫ সালের শেষ দিকে ৬০ লাখ লাইক ছুঁয়েছিল। এখন মেসির পোস্টে দেওয়া নতুন কমেন্ট সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, লিওনেল মেসি তার বাবা হোর্হে মেসির (৬৮) প্রয়াণে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট দেন। মেসির এই কঠিন সময়ে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন তার পাশে এসে দাঁড়িয়েছে, যেখানে রোনালদোর এই মন্তব্যটি দুই কিংবদন্তির মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ভক্তদের মনে স্থান করে নিয়েছে।