Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টেস্টের ৬০০ মাইলফলক ছুঁয়েছে ভারত, সবচেয়ে বেশি খেলেছে কোন দল

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

ক্রিকেটের ইতিহাসে আরও এক বড় অধ্যায় যোগ হলো ভারতের নামে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে অনুষ্ঠিত হচ্ছে তাদের ৬০০তম টেস্ট ম্যাচ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর বিশ্বের মাত্র তৃতীয় দল হিসেবে এই মাইলফলকে পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড। তাদের মোট টেস্টের সংখ্যা ১০৯৭। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, যারা খেলেছে ৮৮৩টি ম্যাচ। ভারত এখন তৃতীয় হয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছে।

ভারতের টেস্ট ক্রিকেটের শুরু হয়েছিল ১৯৩২ সালের জুন মাসে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তারা ১৫৮ রানে হেরে যায়। প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল অনেকদিন। প্রায় ২০ বছর এবং ২৫টি ম্যাচ পর ১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারি মাদ্রাজে ইংল্যান্ডকে ইনিংস ও ৬ রানে হারিয়ে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় ভারত। তখন দলের অধিনায়ক ছিলেন বিজয় হাজারে।

বিশ শতকে ভারত টেস্ট ক্রিকেটে খুব একটা শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল না। সেই সময়ে তাদের অবস্থান ছিল ষষ্ঠ স্থানে। কম ম্যাচ খেলেও পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা জয়ের সংখ্যায় ভারতকে ছাড়িয়ে গিয়েছিল।

একবিংশ শতাব্দীতে তবে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। গত ২৫ বছরে ২৬৩টি টেস্টে ১২৩টি জয় নিয়ে জয়ের সংখ্যায় ভারত এখন তৃতীয় স্থানে। শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডই তাদের উপরে আছে।

পরিসংখ্যানও এই উন্নতির কথা বলে। প্রথম ২৫ টেস্টে মাত্র একবার জেতা দলটি ১০০ টেস্ট শেষে ১০টি, ২০০ টেস্টে ৩৫টি, ৩০০ টেস্টে ৫৬টি, ৪০০ টেস্টে ৮৮টি এবং ৫০০ টেস্টে ১৩০টি জয় পেয়েছিল। ৫৯৯টি টেস্ট শেষে ভারতের জয় ১৮৬, হার ১৮৮, ড্র ২২৪ এবং একবার টাই হয়েছে।

এই উত্থানের এক গুরুত্বপূর্ণ সময় ছিল মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলির অধিনায়কত্ব। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ৬৮টি টেস্টের মধ্যে ৪০টিতে জয় পায় ভারত। কোহলির নেতৃত্বে জয়ের হার ছিল প্রায় ৫৯ শতাংশ।

এখন ৬০০তম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। ম্যাচ শুরুর আগে তিনি বলেন, “যেকোনো টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক হওয়া আমার জন্য বড় সম্মান। ৬০০তম টেস্টে অধিনায়কত্ব করা আরও বড় গৌরবের বিষয়।”