Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

গিলেস্পির জোরালো ভবিষ্যদ্বাণী, ‘ডারউইনে টেস্ট জিতবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার স্বপ্ন এখন আর শুধু স্বপ্ন নয়; ডারউইনের টেস্টে সেই স্বপ্ন যেন বাস্তবের কাছাকাছি চলে এসেছে। তৃতীয় দিনের খেলা চলাকালে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি যখন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে জোরালো আশাবাদ ব্যক্ত করলেন, তখন ম্যাচের গতিপথ আরও স্পষ্ট হয়ে উঠল।

গিলেস্পির চোখে এই টেস্টে জয়ের পাল্লা এখন স্পষ্টভাবে বাংলাদেশের দিকে ঝুঁকে আছে। শুধু জয় নয়, ব্যবধানটা এত বড় হতে পারে যে ম্যাচ শেষ হয়ে যেতে পারে ইনিংস ব্যবধানেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৮ রানের লিডকে তিনি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তার কথায়, ‘ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ অবশ্যই আছে। একটি টেস্টে ২২৮ রানের লিড অনেক বড় বিষয়। আমার যতদূর জানা, অস্ট্রেলিয়া মাত্র তিনবার প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতেছে।’

শুধু পরিসংখ্যান নয়, ডারউইনের উইকেটের চরিত্রও বাংলাদেশের বোলারদের সুবিধা দিতে পারে বলে মনে করেন তিনি। তাই ম্যাচের শেষ হাসি বাংলাদেশের মুখেই দেখতে চান গিলেস্পি। তিনি বলেন, ‘ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে। এখন উইকেটও বোলারদের সহায়তা করতে পারে। বাংলাদেশ আরও ভালো বোলিং করতে পারে। আমি আশা করছি, বাংলাদেশই এই ম্যাচ জিতবে। সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ হচ্ছে।’

বাংলাদেশের প্রথম ইনিংসের দীর্ঘ সময়ের ব্যাটিংও গিলেস্পির বিশ্লেষণে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে। ১৩৮ ওভার ব্যাট করে ৪২৬ রান তোলায় অস্ট্রেলিয়ান বোলাররা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে। অন্যদিকে বাংলাদেশের বোলাররা পেয়েছে পর্যাপ্ত বিশ্রাম। আধুনিক ক্রিকেটে এত দীর্ঘ সময় ব্যাটিং খুব একটা দেখা যায় না। এই সুবিধাটাই এখন বাংলাদেশকে এগিয়ে রেখেছে বলে মনে করেন গিলেস্পি। 

‘ওরা অনেক সময় ফিল্ডিং করেছে, বিশেষ করে বোলারদের জন্য এটি ক্লান্তিকর। অন্যদিকে বাংলাদেশের বোলাররা ভালো বিশ্রাম পেয়েছে। আধুনিক ক্রিকেটে ১৩০ ওভার ব্যাটিং খুব একটা দেখা যায় না। এখন সবকিছু দ্রুত ঘটে। বাংলাদেশ এখানে বড় সুবিধা পাচ্ছে, আর তাদের বোলারদের বিশ্রাম পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’