স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম
শেষ দিকে ব্যাট হাতে দারুণ এক লড়াই উপহার দিয়ে প্যাবিলিয়নের পথ ধরেন মিরাজ। ডানহাতি এই ব্যাটসম্যানের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসও থেমে যায়। ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
প্রথম ইনিংসে টাইগারদের লিড ২২৮ রানের। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ইবাদত হোসেন। এই উইকেটটিও নেন জশ হ্যাজলউড।
তৃতীয় দিনে একাই বাংলাদেশের শেষ চার উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ৩২ বলে দুই চারে ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অজি শিবিরে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ।
প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলেন জ্যাক ওয়েদারল্ড।
অফ স্টাম্পের একটু বাইরের বল স্কয়ার দিয়ে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ব্যাটের কানায় লেগে বল সরাসরি আঘাত হানে স্টাম্পে। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি উদ্বোধনী এই ব্যাটসম্যান।
তিন দিন মিলিয়ে ১৩৮ ওভার বোলিং করে বাংলাদেশের ১০ উইকেট নিতে পারল অস্ট্রেলিয়া। গত সাড়ে ৭ বছরে দেশের মাটিতে কোনো ইনিংসে তাদের এতো বেশি বোলিং করতে হল। ২০১৯ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে ভারতকে অলআউট করতে তাদের লেগেছিল ১৬৭.২ ওভার। পরের ৭২ ইনিংসে কোনো দলকে অলআউট করতে তাদের ১৩৪.৩ ওভারের বেশি বোলিং করতে হয়নি।
এআরএম