স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম
ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপটেই সঙ্গেই খেলছিল বাংলাদেশ। দুই দিনের ৫ সেশনের ৫টিতেই এগিয়ে ছিল টাইগাররা। আগে বল করে অজিদের ১৯৮ রানে অল আউট করার পর ব্যাটিংয়েই দাপুটে পারফর্ম করেছিলেন ব্যাটাররা। তানজিদ তামিমের সেঞ্চুরি, মুমিনুল হকের সঙ্গে তাঁর ১০২ রানের জুটি, নাজমুল শান্তর ৮৪ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে লিড বাড়িয়ে নিচ্ছিল। তবে দিনের শেষ সেশনে ১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে সফরকারীরা।
দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল ৩ উইকেটে ২৮৬ রান, লিড ছিল ৮৮ রানের। তবে চা বিরতির পর ম্যাচ আবার শুরু হলে দ্রুত গুরুত্বপূর্ণ উইকেট হারায় টাইগাররা।
দিনের শেষ সেশনের শুরুতেই নতুন বল নেয় অজিরা। আর নতুন বলই যেন কাল হয়ে দাঁড়ায় শান্তর জন্য। সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। কিন্তু জশ হ্যাজলউডের বলে ৮৪ রানে আউট হয়েছেন দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে। তাতে ভেঙেছে মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর ৬৬ রানের জুটি।
এদিকে শান্ত ফেরার পর ক্রিজে মুশফিকের সঙ্গী হন লিটন দাস। কিন্তু লিটন আউট হয়েছে রানের খাতা খোলার আগেই। ১২ বল খেলে ০ রানে আউট হন তিনি। মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি। ২৯৭ রানে শান্ত আউট হওয়ার পর ৩০৬ রানে আউট হন লিটন।
এদিকে দ্রুত মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপাকে তখন আউট হন মুশফিকও। প্যাট কামিন্সের বলে স্লিপে তিনিও স্মিথের হাতেই ধরা পড়েন। ফেরার আগে ৫৫ হলে ৩৬ রান করেন তিনি। মুশফিক আউট হন দলীয় ৩০৮ রানে। সব মিলিয়ে ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন বিপাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩১৬ রান, লিড ১১৮।