স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১০:১৯ এএম
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। দীর্ঘ প্রায় দুই যুগ পর ক্রিকেটের পয়ারশক্তি এই দেশটিতে খেলতে গিয়ে বোলিংয়ের পর ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছে টাইগাররা। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানে অল আউট করার পর ব্যাট করতে নেমে ইতোমধ্যেই লিডের দেখা পেয়েছে সফরকারীরা। আর লিড পেতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তানজিদ তামিম। বাংলাদেশ এই ওপেনার পেয়েছেন অসাধারণ এক সেঞ্চুরির দেখাও। দাপুটে এই শতকে প্রথম বাংলাদেশি হিসেবে দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি।
৩২ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে প্রথম সেশনেই ফিফটির দেখা পান। মুমিনুল হকের সঙ্গে ১০২ রানের দুর্দান্ত এক জুটিও গড়েছিলেন তিনি। এই জুটিতেই লিডের আভাস পায় টাইগাররা। মুমিনুল ৪৯ রান করে ফেরার পর ক্রিজে তামিমের সঙ্গী হন নাজমুল শান্ত।
পরে শান্তর সঙ্গেও দুর্দান্ত এক জুটি গড়েছেন তামিম। এ দুজনের জুটিতেই অজি বোলারদের বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে লিডের দেখা পায় বাংলাদেশ। এদিকে লিডের পর ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের দেখাও পান তামিম। নাথান লায়নের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল, বোলারের পাশ দিয়ে ড্রাইভ করে লং অফে পাঠান তিনি। দৌড়ে এক রান নিয়ে পূর্ণ করেন নিজের শতক।
ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে দারুণ এক রেকর্ডও গড়েছেন তামিম। টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেয়েছেন তিনি। এছাড়া অজিদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি পেলেন তিনি। এর আগে কেবল শাহরিয়ার নাফিস অজিদের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে এ রেকর্ড গড়েছিলেন নাফিস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৩১ রান, লিড ৩৩ রানের।