Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

হলান্ডের মুখোশে মাদকের চালান, ধরা পড়ল ৪৬৯ কেজি কোকেইন!

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

বিশ্বকাপের মঞ্চে গোলের ঝড় তুলে বিশ্বজুড়ে আলো ছড়িয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হলান্ড। কিন্তু তার সেই পরিচিত মুখ এবার উঠে এসেছে একদম অপ্রত্যাশিত জায়গায়, মাদকের প্যাকেটে।

ইকুয়েডরের পুলিশ কলম্বিয়া সীমান্তের কাছে একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪৬৯ কেজি কোকেইন জব্দ করেছে। ট্রাকের ভুয়া তলায় লুকানো ছিল ৩৭০টি সবুজ রঙের প্যাকেট। সেগুলোর গায়ে আঠা দিয়ে লাগানো ছিল হলান্ডের ছবিসহ স্টিকার। বুধবার এই অভিযান চালানো হয় প্যান-আমেরিকান হাইওয়েতে গোপন তথ্যের ভিত্তিতে। ট্রাক চালককে আটক করা হয়েছে। কলম্বিয়ান পরিচয়পত্রধারী এক নারী মারিয়া আর-কেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ এখনো বলতে পারেনি কেন হলান্ডের ছবি ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক চোরাচালানকারীরা বিভিন্ন গ্রুপ বা ক্রেতার পরিচয় বোঝাতে এমন লেবেল ব্যবহার করে। হলান্ডের সঙ্গে এই চালানের কোনো সম্পর্ক নেই বলেই জানা গেছে।

ইউরোপে এই মাদকের মূল্য প্রায় ১৪.৫ মিলিয়ন পাউন্ড বলে অনুমান করা হচ্ছে। এর আগে লিওনেল মেসির ছবিও এ ধরনের প্যাকেটে পাওয়া গিয়েছিল। ইকুয়েডর মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, যেখান থেকে মূলত কলম্বিয়া ও পেরুর কোকেইন আমেরিকা ও ইউরোপে পাঠানো হয়।