Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

রোনালদোর বিয়েতে কারা ছিলেন? সেই সৌভাগ্যবান ৫ অতিথির তালিকা ফাঁস

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম

ক্যাসকাইসের এক শান্ত পরিবেশে, যেখানে কোনো ঝলমলে আয়োজন বা মিডিয়ার ভিড় ছিল না। সেখানেই শেষ হয়েছে এক দীর্ঘ প্রেমের গল্প। ক্রিশ্চিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ বিয়ে করেছেন। তাঁদের পাঁচ সন্তান আর খুব কাছের কয়েকজন মানুষ ছাড়া আর কেউ ওই মুহূর্তে উপস্থিত ছিলেন না।

অনুষ্ঠান এতটাই গোপনীয় ছিল যে বাইরের কোনো অতিথি তালিকা প্রকাশিত হয়নি। তাই সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, যদি সত্যিই মাত্র কয়েকজনকে ডাকা হয়, তাহলে কারা থাকতে পারেন সেই ছোট তালিকায়?

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এই কৌতূহলের জবাবে রোনালদোর জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজনের নাম তুলে ধরেছে। তালিকায় যাঁদের নাম এসেছে:

হোসে সেমেদো -স্পোর্টিং লিসবনের একাডেমির দিন থেকে রোনালদোর বন্ধু। তারকা হওয়ার অনেক আগেই পরিচয়। জন্মদিনসহ ব্যক্তিগত প্রায় সব অনুষ্ঠানে তিনি থাকেন।

পেপে- রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল জাতীয় দলের সতীর্থ। চ্যাম্পিয়নস লিগ, ইউরো ২০১৬, নেশনস লিগ সব বড় জয়ে পাশে থেকেছেন। ভাইয়ের মতো সম্পর্ক।

রিকার্দো রেগুফে- রোনালদোর দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ও পরামর্শদাতা। স্পটলাইটের বাইরে থেকে সবসময় পাশে থাকেন। ব্যক্তিগত পার্টিতেও তাঁর উপস্থিতি দেখা যায়।

মার্সেলো- রিয়াল মাদ্রিদের সফল সময়ের সতীর্থ। প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন। সেই স্মৃতির টানেই তালিকায় নাম উঠে এসেছে।

ইভানা রদ্রিগেজ- জর্জিনার বোন। পরিবারের প্রতিনিধি হিসেবে এমন অনুষ্ঠানে উপস্থিত থাকা স্বাভাবিক।

মার্কা স্পষ্ট করেছে, কোনো অফিসিয়াল তালিকা নেই। এগুলো শুধু অনুমান। রোনালদো ও জর্জিনা জাঁকজমকের বদলে পরিবার ও আস্থার মানুষদের সঙ্গেই এই দিনটি কাটিয়েছেন। বিশ্বের সবচেয়ে পরিচিত ফুটবল তারকাও যখন ব্যক্তিগত জীবনে এমন সরলতা বেছে নেন, তখন তা আরও বেশি অর্থবহ হয়ে ওঠে।