Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ভাঙল জুটি, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম সেশন দারুণ কেটেছে বাংলাদেশের। তানজিদ হাসান স্লিপে স্টিভেন স্মিথের ক‍্যাচ নিতে পারলে সেশন হতে পারত আরও ভালো।

প্রথম দুই ঘণ্টায় কেবল ২২ ওভার বোলিং করতে পেরেছে বাংলাদেশ। এই সময়ে নিতে পেরেছে চারটি উইকেট। ২২ বছরের মধ‍্যে ডারউইনে প্রথম টেস্টের প্রথম সেশনে অস্ট্রেলিয়া করতে পেরেছে ৭৪ রান। এই মুহূর্তে বাংলাদেশের বড় বাধা স্টিভ স্মিথ। সবশেষ তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার রান এখন ৬ উইকেট হারিয়ে ১৬০ রান। 
 
২ রানে তানজিদের হাতে জীবন পেয়ে রান তুলছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৭ রানে কটবিহাইন্ডের জোরাল আবেদন থেকে বাঁচেন তিনি। বল যে ব‍্যাট স্পর্শ করেনি, তা যেন বিশ্বাসই হচ্ছিল না বাংলাদেশের ফিল্ডারদের।

এর আগে দুই ওপেনারকে বিদায় করেন হাসান মাহমুদ। ২০ বলে ১ রান করা মার্নাস লাবুশেনের ভোগান্তির ইতি টানেন ইবাদত হোসেন। লাঞ্চের আগে শেষ বলে ক‍্যামেরন গ্রিনকে বিদায় করেন তাসকিন আহেমদ। পানি বিরতির পর প্রথম বলে আবারও উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইবাদত হোসেনের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন অ‍্যালেক্স ক্যারি। 

স্টাম্পে থাকা ডেলিভারি পা খুব একটা না সরিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিপার-ব‍্যাটসম‍্যান। মাঝ ব‍্যাটে নিতে পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে আঘাত হানে লেগ স্টাম্পে। ভাঙে ৮৫ বল স্থায়ী ৫৫ রানের জুটি।

৪৩ বলে দুই চারে ১৯ রান করেন ক্যারি। এদিকে নেমেই মারমুখী হয়ে খেলতে থাকা ওয়েবস্টারকে বোল্ড করে বিদায় করেছেন তাসকিন। ১০ বলে ১২ রান করে বিদায় নেন এই ব্যাটসম্যান।  

ম‍্যাচের আগে ভাবা হচ্ছিল টস জয়ী অধিনায়ক ফিল্ডিং নেবেন। কিন্তু প‍্যাট কামিন্স নেন ব‍্যাটিং। সে সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, টস হেরে ভালোই হয়েছে। প্রথম সেশনে বোলাররা অন্তত সেটা প্রমাণ করতে পেরেছেন।

গতিময় পেসার নাহিদ রানা ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অনুপস্থিতির পরও পেস বোলিংয়ে উন্নতির ছাপ রাখতে পেরেছে বাংলাদেশ।

এআরএম