স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম
২০০৩ সালের কথা মনে আছে? বাংলাদেশ তখন টেস্ট ক্রিকেটে কেবল হাঁটিহাঁটি পা পা করছে। অস্ট্রেলিয়ার মাটিতে আনকোরা সেই দলটির প্রথম সফর নিয়ে কম হাসাহাসি হয়নি। সাবেক অজি তারকা ডেভিড হুকস তো তাচ্ছিল্য করে বলেই বসেছিলেন, অস্ট্রেলিয়া চাইলে একদিনেই টেস্ট জিতে নিতে পারে! কথাটার জবাব মাঠে দেওয়া সম্ভব হয়নি, দুই টেস্টেই বাংলাদেশ হেরেছিল শোচনীয়ভাবে।
এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ২৩ বছর। আজ সেই অস্ট্রেলিয়ার মাটিতেই আবারও সাদা পোশাকে মাঠে নামছে টাইগাররা। সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়ার পর পুরোনো সেই ভূত আবারও উঁকি দিচ্ছিল ভক্তদের মনে।
কিন্তু শান্ত এসবকে স্রেফ অতীত বলে উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার ডারউইনে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচকের সঙ্গে এটাই কথা হচ্ছিল যে এখন আর সেই ২৩ বছর আগের মতো এই বাংলাদেশ দলটা নাই। ওনার এই বিশ্বাস আছে এই দলটার উপরে। অনুশীলন ম্যাচের একটা খারাপ দিন যেতেই পারে, তবে আমি বিশ্বাস করি এমন দিন টেস্ট ম্যাচে আসবে না।’
গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির কথাও তুলে ধরে শান্ত বলেন, ‘গত ২-৩ বছরে টেস্ট ক্রিকেটে আমরা ভালো করছি। উন্নতি করেছি। গত চক্র (টেস্ট চ্যাম্পিয়নশিপে) আমরা ৭ নম্বরে থেকে শেষ করেছি। এবার আছি ৪ নম্বরে। এখনও এই চক্রে আমাদের ৮টি টেস্ট বাকি। আমি মনে করি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’
ডারউইনের উইকেটে সবুজের ছাপ স্পষ্ট। পেসাররা এখানে বাড়তি সুবিধা পাবেন। তবু শান্ত মনে করেন, অতীত বা প্রস্তুতি ম্যাচ নিয়ে আটকে না থেকে মূল লড়াইয়ে মনোযোগ দেওয়াই এখন সবচেয়ে জরুরি। তিনি বলেন,‘ওটা একটা প্রিপারেশন ফেজ ছিল। এখন আগামীকালকে থেকে একটা ব্যাটল শুরু হবে, ওখানে আমরা কত ভালোভাবে ওই চ্যালেঞ্জটা একসেপ্ট করছি এটাই গুরুত্বপূর্ণ। সেটার জন্য সবাই প্রস্তুত।’