স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
সান্তিয়াগো বার্নাব্যুতে বইছে পরিবর্তনের নতুন হাওয়া। ডাগআউটে যখন মাস্টারমাইন্ড হোসে মরিনহো, তখন দলবদলের বাজারেও রিয়াল মাদ্রিদ দেখিয়েছে দারুণ চমক। ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে নিজেদের স্কোয়াড একেবারে ঢেলে সাজিয়েছে স্প্যানিশ এই পরাশক্তি। ভক্তদের উন্মাদনার মাঝেই এবার আসন্ন মৌসুমের জন্য খেলোয়াড়দের জার্সি নম্বর চূড়ান্ত করেছে গ্যালাকটিকোরা। পুরনো তারকাদের পাশাপাশি সদ্য যোগ দেওয়া ছয় নতুন মুখের গায়েও উঠছে ঐতিহাসিক সব নম্বর।
ক্লাব ইতিহাসের সবচেয়ে দামি রিক্রুট হিসেবে আরবি লাইপজিগ থেকে আসা আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দে বেছে নিয়েছেন ২৫ নম্বর জার্সিটি। জাতীয় দলে তিনি সাধারণত ১১ নম্বর পরলেও রিয়ালে সেটি রদ্রিগোর কাঁধেই থাকছে। অন্যদিকে, ফরাসি ক্লাব লিওঁতে ধারে খেলার পাঠ চুকিয়ে নিজের পুরনো ঠিকানায় ফিরেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্ড্রিক। স্পেনে ফিরেই প্রত্যাশামতো নিজের প্রিয় ৯ নম্বর জার্সিটি আবারও বুঝে পেয়েছেন তিনি।
এবারের গ্রীষ্মকালীন দলবদলে বেশ আটঘাট বেঁধেই নেমেছিল মাদ্রিদ। চেলসি থেকে আসা লেফটব্যাক মার্ক কুকুরেয়া পরবেন ১৭ নম্বর জার্সিটি, যা আগে রাউল আসেনসিওর ছিল। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে দলে ভেড়ানো ডেনজেল ডামফ্রিসকে দেওয়া হয়েছে ২৪ নম্বর। এছাড়া ম্যানচেস্টার সিটির দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে স্পেনে পাড়ি জমানো তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভা পেয়েছেন ২০ নম্বর এবং কার্লোস এসপি পরবেন দানি সেবায়োসের ফেলে যাওয়া ১৯ নম্বর জার্সি। আরেক নতুন রিক্রুট ইব্রাহিমা কোনাতেকে দেওয়া হয়েছে ১৬ নম্বর।
নতুনদের ভিড়ে পুরনো স্কোয়াডের বেশ কয়েকজনের জার্সি নম্বরেও রদবদল এসেছে। কিংবদন্তি দানি কারভাহাল ক্লাব ছাড়ায় তার রেখে যাওয়া ঐতিহ্যবাহী ২ নম্বর জার্সিটি এখন রাউল আসেনসিওর দখলে। ডেভিড আলাবার ৪ নম্বর জার্সিটি উঠেছে ডিন হুইসেনের গায়ে। এছাড়া তরুণ মিডফিল্ডার থিয়াগো পিতার্চ ৪৫ থেকে সরে ২৭ নম্বর জার্সিতে থিতু হয়েছেন। মূল দলের অনুশীলনে থাকলেও, এই তরুণকে শেষ পর্যন্ত ধারে অন্য কোথাও পাঠানোর একটা সম্ভাবনা রয়েছে। তবে দলের মূল আকর্ষণ ভিনিসিয়ুস (৭), এমবাপে (১০), কিংবা জুড বেলিংহ্যামের (৫) মতো মহাতারকাদের নম্বরে কোনো পরিবর্তন আসেনি।
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের জানালা বন্ধ হতে এখনও এক মাসের মতো সময় বাকি। তাই স্কোয়াডে নতুন কেউ এলে বা কেউ বিদায় নিলে এই তালিকায় শেষ মুহূর্তে পরিবর্তন আসতেই পারে।
এক নজরে রিয়াল মাদ্রিদের বর্তমান জার্সি তালিকা:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (১), আন্দ্রি লুনিন (১৩)।
ডিফেন্ডার: রাউল আসেনসিও (২), এদের মিলিতাও (৩), ডিন হুইসেন (৪), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (১২), ইব্রাহিমা কোনাতে (১৬), মার্ক কুকুরেয়া (১৭), আলভারো কারেরাস (১৮), আন্তোনিও রুডিগার (২২), ফেরলাঁ মেন্দি (২৩), ডেনজেল ডামফ্রিস (২৪)।
মিডফিল্ডার: জুড বেলিংহাম (৫), এদুয়ার্দো কামাভিঙ্গা (৬), ফেদেরিকো ভালভের্দে (৮), অরেলিয়াঁ চুয়ামেনি (১৪), আরদা গুলের (১৫), বের্নার্দো সিলভা (২০), থিয়াগো পিতার্চ (২৭)।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র (৭), এন্ড্রিক (৯), কিলিয়ান এমবাপে (১০), রদ্রিগো (১১), কার্লোস এসপি (১৯), ব্রাহিম দিয়াস (২১), ইয়ান দিয়োমান্দে (২৫)।