স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম
বাইশ গজের ক্রিজে ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য যিনি বিশ্বজুড়ে পরিচিত, সেই 'বেহালার বীর' সৌরভ গাঙ্গুলির পরিবার এবার তীব্র নিরাপত্তা শঙ্কার মুখে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই কিংবদন্তি অধিনায়ক ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দিয়ে পাঠানো হয়েছে বেনামি চিঠি। দীর্ঘ কয়েক মাস ধরে চলা আপত্তিকর চিঠির পর এবার সরাসরি প্রাণনাশের হুমকি আসায় আর চুপ থাকেনি গাঙ্গুলি পরিবার; নিজেদের নিরাপত্তার স্বার্থে দ্বারস্থ হয়েছে পুলিশের।
সোমবার (১০ আগস্ট) কলকাতার ঠাকুরপুকুর থানায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য এই অভিযোগটি করেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত প্রায় ছয় মাস ধরেই সৌরভের ঠিকানায় ইংরেজিতে লেখা বেনামি চিঠি আসছিল।
প্রথম দিকের চিঠিগুলোতে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হলেও সেগুলোকে খুব একটা আমল দেয়নি পরিবার। কিন্তু সম্প্রতি আসা চিঠিতে সরাসরি সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনাকে খুনের হুমকি দেওয়ায় বিষয়টি আর হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না।
এই প্রাণনাশের হুমকির পর 'মহারাজ' ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়। জানা গেছে, সর্বশেষ আসা চিঠিতে একটি ফোন নম্বর যুক্ত করা ছিল। সেই নম্বরটি জনপ্রিয় কলার আইডেন্টিফিকেশন অ্যাপ 'ট্রু কলার'-এ সার্চ করলে অরুণ কুমার নামের এক ব্যক্তির পরিচয় সামনে আসে।
ফলে সন্দেহ করা হচ্ছে, এই নামের আড়ালেই হয়তো লুকিয়ে আছে হুমকিদাতা। ঠাকুরপুকুর থানা পুলিশের পাশাপাশি গোটা বিষয়টি এখন নিবিড়ভাবে তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগও।
উল্লেখ্য,গাঙ্গুলিকে হুমকি দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও সৌরভ গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেবার পুলিশি তৎপরতায় নির্মাল্য মাইতি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এবারের ঘটনার পেছনে কারা জড়িত বা তাদের মূল উদ্দেশ্য কী, তা দ্রুত উদ্ঘাটনে মাঠে নেমেছে প্রশাসন।