স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১০:১৪ এএম
একটি ম্যাচের ফল কীভাবে পুরো বিশ্ব ক্রিকেটের সমীকরণ বদলে দিতে পারে, তার নতুন নজির গড়ল আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩ উইকেটের জয় নিয়ে সিরিজ জয়ের উল্লাসে মেতেছে আফগানরা। তবে এই জয়ের প্রতিধ্বনি শুধু তাদের নিজেদের দেশেই সীমাবদ্ধ থাকেনি; এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ শিবিরের ভাগ্যেও। আফগানদের এই জয় একাত্পভাবে নিশ্চিত করে দিয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা, অন্যদিকে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ঠেলে দিয়েছে বাছাইপর্বের অগ্নিপরীক্ষায়।
আইরিশদের হারিয়ে ৩ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করার পাশাপাশি ২০২৭ সালে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট কেটে ফেলেছে আফগানিস্তান। আর আফগানদের এই অসাধারণ সাফল্যের দরুন নির্ধারিত সময়সীমার আগেই বিশ্ব ক্রিকেটের সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের যাবতীয় অংক আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। আইসিসির বেঁধে দেওয়া ৩০ সেপ্টেম্বরের 'কাট-অফ' তারিখের আগেই শীর্ষ দেশগুলোর তালিকা এখন পরিষ্কার।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়। তবে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি এই শীর্ষ আটের মধ্যে অবস্থান করে, তাহলে তালিকায় নবম স্থানে থাকা দলটি স্বয়ংক্রিয়ভাবে সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। সেই হিসেবেই র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশ কোনো রকম ঝুঁকি ছাড়াই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। ফলে যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং আফগানিস্তান সরাসরি খেলবে ২০২৭ এর বিশ্বমঞ্চে।
অন্যদিকে আফগানদের এই জয়ে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ক্যারিবীয়দের আর কোনো সুযোগ নেই ৯ নম্বরে ওঠার। ভারতের বিপক্ষে তাদের বাকি থাকা দুটি ওয়ানডেতে জয় পেলেও পয়েন্টের ব্যবধানে তারা বাংলাদেশকে টপকাতে পারবে না। ফলে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপে আসতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থ হয়ে মূল পর্বে জায়গা না পাওয়ার যে তিক্ত অভিজ্ঞতা তাদের হয়েছিল, ২০২৭ আসরের আগে ফের সেই বাছাইপর্ব এবং 'সুপার সিরিজ'-এর মতো কঠিন বাধা টপকাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।