জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম
এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে লড়বে সামিন ইয়াসার রাইয়ানসহ ২২ স্কেটার।
পটুয়াখালীর সন্তান সামিন ইয়াসার রাইয়ান। বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চীনে গিয়েছে সে।
স্বর্ণপদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গেছে বাংলাদেশ স্কেটিং দল। সে দলেরই একজন ছোট্ট শিশু রাইয়ান।
গত বছর চীন থেকে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জয় করে দেশে ফিরেছিল বাংলাদেশের স্কেটাররা। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবার আরও বড় অর্জনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্নযাত্রার অন্যতম সদস্য পটুয়াখালীর স্কেটার সামিন ইয়াসার রাইয়ান।
চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের স্কেটাররা অংশ নেবে। ফলে এ প্রতিযোগিতায় রাইয়ানকে কঠিন ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।
বাংলাদেশের ২৭ সদস্যের দলে রয়েছে ২২ জন স্কেটার। রয়েছেন পাঁচজন কর্মকর্তা। ২২ স্কেটারের মধ্যে ১২ জন ছেলে ও ১০ জন মেয়ে। সোমবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
পটুয়াখালীর সন্তান সামিন ইয়াসার রাইয়ানের এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণে গর্বিত তার পরিবার, স্বজন ও নিজ জেলার মানুষ।
দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল অর্জনের পাশাপাশি বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন রাইয়ানের প্রধান লক্ষ্য।
রাইয়ানের এই চীনযাত্রা শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, এটি পটুয়াখালীর ক্রীড়াঙ্গনের জন্যও এক গর্বের অধ্যায়। তার হাত ধরে আন্তর্জাতিক স্কেটিং অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে উঠবে- এমন প্রত্যাশা সবার।
বিইউ/এএইচ