Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন নিয়মে ক্ষুব্ধ সহযোগী দেশগুলো

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

বিশ্বজুড়ে ক্রিকেটের পরিধি বাড়ানোর বুলি আওড়ালেও মাঠের বাস্তবে উল্টো পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাছাই প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করে সহযোগী দেশগুলোর মূল পর্বে ওঠার পথ আরও কঠিন করে তুলেছে সংস্থাটি। আইসিসির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে উদীয়মান দুই ক্রিকেট শক্তি স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। যৌথ বিবৃতি দিয়ে তারা এই পদক্ষেপকে বিশ্ব ক্রিকেটের বিকাশে চরম আঘাত হিসেবে আখ্যা দিয়েছে।

মূলত, আফ্রিকার মাটিতে বসতে যাওয়া আগামী বিশ্বকাপের মূল মঞ্চে লড়াই করবে ১২টি দল। তবে সেখানে ওঠার শেষ পথটুকু সহজ রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাছাই পর্বের পর পয়েন্ট তালিকার ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিনটি দেশকে নিয়ে ‘সুপার সিরিজ’ নামে নতুন একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই বাড়তি ধাপটি পেরিয়ে কেবল একটি দলই মূল বিশ্বকাপের টিকিট পাবে, আর বাকি দুটি দেশকে খালি হাতে ফিরতে হবে। ফলে সহযোগী সদস্য দেশগুলোর জন্য চূড়ান্ত পর্বে পৌঁছানোর সমীকরণ এখন বহুগুণ জটিল।

আইসিসির এই আপত্তিকর নিয়মের বিরুদ্ধে সোমবার সরব হয়েছে ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)। যৌথ বিবৃতিতে তারা জানায়, নতুন এই পদ্ধতি বিশ্বজুড়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার সাম্প্রতিক সমস্ত সাফল্যকে পেছনে ঠেলে দেবে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ক্রিকেট যখন নতুন দর্শক টানতে ও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, ঠিক তখনই বিকাশমান দেশগুলোর অর্থপূর্ণ খেলার সুযোগ কমিয়ে দেওয়া হতাশাজনক। আইসিসির এমন সিদ্ধান্ত উদীয়মান দলগুলোকে ভুল বার্তা দেয় বলে দাবি তাদের।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপের বাকি রয়েছে আর দেড় বছরের মতো। টুর্নামেন্ট শুরুর আগেই এই প্রশাসনিক জটিলতা ও সুযোগ সংকোচনের বিষয়টি বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।