Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানের ভবিষ্যৎ তারকা তিন পেসার-দুই ব্যাটার জানালেন আমির

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির সম্প্রতি এক আন্তর্জাতিক ক্রীড়া পডকাস্টে দেশের ভবিষ্যৎ দলের কথা ভাবতে গিয়ে কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম তুলে ধরেছেন। তাঁর মতে, এই খেলোয়াড়রা একদিন পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ কাণ্ডারি হয়ে উঠতে পারেন।

পেস বিভাগে আমিরের সবচেয়ে বেশি আস্থা মোহাম্মদ আলীর ওপর। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে চোখে পড়া পারফরম্যান্স করা এই ডানহাতি পেসারকে নিয়ে আমির বলেন, ‘মোহাম্মদ আলী খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। সে এখন দারুণ বোলিং করছে। প্রথম শ্রেণির ক্রিকেট ও পিএসএলে ভালো করার পর নটিংহ্যামশায়ারের হয়েও সে ভালো দেখিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছে। সঠিক লেন্থ ও নিয়ন্ত্রণে বোলিং করতে পারে সে।’

আলীর পাশাপাশি খুররম শাহজাদ ও তরুণ আলী রেজার নামও নিয়েছেন আমির। পেশোয়ার জলমির হয়ে পিএসএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে আলোচনায় আসা আলী রেজাকে নিয়ে তিনি বলেন, ‘খুররম শাহজাদ ভালো সিমার। আর আলী রেজাকে যদি ঠিকমতো দেখভাল করা যায়, তাহলে সে একজন খাঁটি ফাস্ট বোলার হয়ে উঠবে। গতি আছে, বোলিংয়ের কৌশলও জানে। এই তিন-চারজন বোলার পাকিস্তানের হয়ে ভালো করতে পারে।’

ব্যাটিংয়েও দুজন তরুণকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন আমির। টেস্টে ইতিমধ্যে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা আজান আওয়াইস এবং আবদুল্লাহ ফজলের নাম নিয়ে তিনি বলেন, ‘এরা দুজনেই খুব তরুণ, কিন্তু সম্ভাবনা অনেক। আমার মনে হয় তারা দীর্ঘদিন পাকিস্তানকে সেবা দিতে পারবে।’

তবে এশীয় ক্রিকেটের বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন আমির। রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘এশীয় সংস্কৃতিতে কখন কী হয়, তা বলা কঠিন। ভবিষ্যতে তাদের কী হবে জানি না। তবে খেলোয়াড় হিসেবে তারা অসাধারণ।’