স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম
২০২৬ বিশ্বকাপে স্পেনের বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার আছেন ছুটিতে। ক্লাবের হয়ে মাঠে ফেরার আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে আলোচনায় আছেন ম্যানচেস্টার সিটিতে থেকে বার্সেলোনায় যোগ দেওয়া নিয়েও। এরই মাঝে ভিন্ন এক কারণে নতুন করে আলোচনায় তিনি।
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা- দুই স্প্যানিশ জায়ান্টই তাঁকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে। তবে দলবদল সংক্রান্ত আলোচনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারেই ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই তারকা ফুটবলার। ইবিজায় বান্ধবী লরা ইগলেসিয়াসের সঙ্গে ছুটি কাটানোর সময় তোলা তাঁর একটি ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ছবিতে দেখা যায়, দীর্ঘদিনের বান্ধবী লরা ইগলেসিয়াসের হাত ধরে হেঁটে যাওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া এক নারীর দিকে নজর ঘুরে যায় রদ্রির। রদ্রির এই চাহনি ও বডি ল্যাঙ্গুয়েজ ২০১৫ সালের বিখ্যাত সেই 'ডিস্ট্র্যাক্টেড বয়ফ্রেন্ড' (ডিফেক্টিভ বয়ফ্রেন্ড) মিমের কথা মনে করিয়ে দিচ্ছে। বিখ্যাত সেই মিমে এক তরুণকে তাঁর প্রেমিকার সাথে থাকা অবস্থায় অন্য এক নারীর দিকে ঘুরে তাকাতে দেখা যায়, যা ইন্টারনেটে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল।

মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের অবস্থান দ্রুত স্ক্যান করা এবং তাদের মুভমেন্ট বুঝে পাস দেওয়ার অসাধারণ ক্ষমতার জন্য রদ্রি সুপরিচিত। সমুদ্রসৈকতের এই ছবি দেখে সমর্থকরা রসিকতা করে বলছেন, মাঠে প্রতিনিয়ত চারপাশে নজর রাখার যেই প্রতিভা রদ্রি দেখান, মাঠের বাইরেও যেন তিনি একই অভ্যাস বজায় রাখছেন।

অনেকে আবার রোদ্রির এই আচরণকে তাঁর সাম্প্রতিক ট্রান্সফার গুজবের সঙ্গে তুলনা করছেন। গুঞ্জন উঠেছে, গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের সাথে আলোচনার মাঝে হঠাৎ করেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাতেও যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন এই মিডফিল্ডার। ফলে ভক্তরা বলছেন, হাতের কাছে রিয়াল থাকলেও নতুন প্রস্তাবের দিকে নজর দেওয়াটাই যেন এই ছবিতে ফুটে উঠেছে।