Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিয়োর

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ০৯:২৬ এএম

রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর এক মাসও পার হয়নি, এরই মধ্যে ক্লাবের পরিবেশ ও ড্রেসিংরুমের হালচাল পর্যালোচনা করে আমূল পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন নতুন কোচ হোসে মরিনিয়ো। ক্লাবটির প্রশিক্ষণ কেন্দ্র 'ভালদেবেবাস'-এ ফুটবলারদের দৈনন্দিন অভ্যাস পর্যবেক্ষণ করে সেখানে কাঠামোগত শৃঙ্খলা, কঠোর নিয়ন্ত্রণ এবং নতুন নিয়ম ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। মাঠে দলের খেলার ধরণ পরিবর্তনের পাশাপাশি খেলোয়াড়দের দৈনন্দিন অভ্যাসকে এক সূত্রে বাঁ ধাই তাঁর প্রধান লক্ষ্য।

ড্রেসিংরুমে ঐক্য ফিরিয়ে আনাকে কৌশলগত কাজের মতোই সমান গুরুত্ব দিচ্ছেন মরিনিয়ো। দলে সখ্যতা বাড়াতে ভালদেবেবাসে সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের একসাথে খাবার খাওয়ার নিয়ম চালু করেছেন তিনি। বেনফিকা ও চেলসিতে থাকার সময়েও এই পদ্ধতি অনুসরণ করেছিলেন তিনি। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের মতে, গত মৌসুমের টানাপোড়েনের পর মরিনিয়োর এই পদক্ষেপে ড্রেসিংরুমের পরিবেশ এখন বেশ ইতিবাচক ও চমৎকার।

খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এনেছেন নতুন কোচ। ক্লাবের পুষ্টিবিদদের ভূমিকা এখন আর পরামর্শের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সকালের নাশতা এবং বিকেলের স্ন্যাক্সের জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট তৈরি করে দিচ্ছেন তাঁরা। পারফরম্যান্স বৃদ্ধির লক্ষ্যে খেলোয়াড়দের নিজস্ব পছন্দ-অপছন্দের স্বাধীনতা কমিয়ে এনে কঠোর খাদ্য তালিকা নির্ধারণ করা হয়েছে, যা স্কোয়াডের সবাই ইতিবাচকভাবেই গ্রহণ করেছে।

সময়ানুবর্তিতার বিষয়েও কোনো ছাড় দিচ্ছেন না মরিনিয়ো। দেরি করে অনুশীলনে এলে আর্থিক জরিমানার বদলে খেলোয়াড়দের খেলায় বা অনুশীলনে শাস্তির নিয়ম করা হয়েছে। সবাইকে অফিশিয়াল রিপোর্টিং টাইমের অন্তত এক ঘণ্টা আগে ভালদেবেবাসে পৌঁছাতে হবে। অন্যথায় পুরো দলের সাথে অনুশীলনের সুযোগ না দিয়ে এককভাবে জিমে সময় কাটাতে বাধ্য করা হবে। তারকা বা জুনিয়র- কোনো খেলোয়াড়কেই এই নিয়মের বাইরে রাখা হবে না।

ইনজুরি থেকে সেরে ওঠার চিকিৎসাতেও ক্লাবের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছেন তিনি। এখন থেকে চোটপ্রাপ্ত খেলোয়াড়দের সকাল-বিকাল দুই বেলাতেই ক্লাবের ফিটনেস ও মেডিকেল স্টাফদের অধীনেই পুনর্বাসন কাজ সম্পন্ন করতে হবে। নিজস্ব ট্রেইনার ব্যবহারের সুযোগ থাকলেও বাহ্যিক কোনো চিকিৎসা বা পুনর্বাসন কার্যক্রম আর বরদাস্ত করা হবে না। নতুন এই নিয়মের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদে এক নতুন যুগ শুরু করতে চান মরিনিয়ো।