Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট দলে ডাক পেলেন সরফরাজ খান

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ এএম

পায়ের আঙুলের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। তাঁর জায়গায় ভারতীয় দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই জানিয়েছে, ডান পায়ের আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় বেঙ্গালুরুর 'সেন্টার অফ এক্সিলেন্স'-এ বেশ উন্নতি করেছেন সাই সুদর্শন। তবে পূর্ণাঙ্গ ফিটনেস না পাওয়ায় শ্রীলঙ্কা সফর থেকে তাঁকে সরিয়ে নিয়ে সরফরাজ খানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। কলম্বোতে দলের সাথে যোগ দেবেন সরফরাজ।

আগামী ১৫ আগস্ট গল-এ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২৩ থেকে ২৭ আগস্ট কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

গত নভেম্বরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হারার পর চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে এটিই হতে যাচ্ছে ভারতের প্রথম টেস্ট সিরিজ। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, অন্যদিকে ভারত ৫ম এবং শ্রীলঙ্কা ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।