স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম
স্প্যানিশ তারকা মিডফিল্ডার রদ্রিকে কিনতে বার্সেলোনার ৪৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। ২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের দাম অন্তত ৭০ মিলিয়ন ইউরোর বেশি (৬০ মিলিয়ন পাউন্ড বা ৮১ মিলিয়ন ডলার) হাঁকাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নরা। বার্সেলোনা ছাড়াও রিয়াল মাদ্রিদ তাঁকে দলে ভিড়াতে আগ্রহী হলেও, স্পেনে ফেরার ইচ্ছ প্রকাশ করা রদ্রিকে কম দামে ছাড়তে নারাজ সিটি কর্তৃপক্ষ।
রদ্রি ম্যানচেস্টার সিটি ছেড়ে নিজ দেশ স্পেনে ফিরতে চান- বিষযটি নিয়ে অবগত সিটির নীতিনির্ধারকেরা। চুক্তি অনুযায়ী তাঁর চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকায় আগামী মৌসুমে তিনি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন।
তবে সাম্প্রতিক ইনজুরি রেকর্ড, বয়স এবং চুক্তির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অসন্তুষ্ট কোনো খেলোয়াড়কে জোর করে দলে না রাখার নীতি মেনে তাঁকে বিক্রির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না ক্লাবটি। বার্সেলোনার সাথে এখনও চূড়ান্ত চুক্তি না হলেও আলোচনা অব্যাহত রয়েছে।
রদ্রি দল ছাড়লে তাঁর বিকল্প খেলোয়াড় খোঁজার কাজে নামবে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব লিলের আয়ুব বুআদির ওপর সিটির দীর্ঘদিনের নজর থাকলেও তাঁকে ভবিষ্যতের জন্য আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া নটিংহ্যাম ফরেস্টের আগ্রহে থাকা তিজানি রেইন্ডার্স এবং নিকো গঞ্জালেসের ভবিষ্যৎ নিয়েও সিটিতে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে, লিডসে যোগ দেওয়া জেমস ট্র্যাফোর্ডের জায়গায় মার্শেইয়ের আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলিকে দলে ভেড়ানোর চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে ম্যান সিটি।