স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম
সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু অ্যালেক্স ক্যারিকে মাত্র ১ ভোটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সর্বোচ্চ সম্মান 'অ্যালান বর্ডার মেডেল' জিতেছেন অজি তারকা ট্র্যাভিস হেড। ব্রিসবেনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালান বর্ডারের হাত থেকেই এই পুরস্কার গ্রহণ করেন তিনি।
২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যালেক্স ক্যারির চেয়ে ১ ভোট এবং পেসার মিচেল স্টার্কের চেয়ে ৩ ভোটে এগিয়ে থেকে এই অর্জন নিজের নামে করেন হেড। একই সাথে অস্ট্রেলিয়ার পঞ্চম ক্রিকেটার হিসেবে টানা দুইবার অ্যালান বর্ডার মেডেল জয়ের রেকর্ড গেনেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন টানা দুইবার এই পুরস্কার পেয়েছিলেন।
ভোটিং চলাকালীন সময়ে শুধু টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকই ছিলেন না হেড, বরং ওডিআই ফরম্যাটেও ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটার। অ্যাশেজ সিরিজে ওপেনিংয়ে নেমে দারুণ পারফর্ম করার পাশাপাশি সিডনি টেস্টে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে খেতাব নিশ্চিত করেন তিনি।
অ্যালান বর্ডার মেডেল ছাড়া অন্য বর্ষসেরা পুরস্কার বিজয়ী তালিকা:
বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার (শেন ওয়ার্ন অ্যাওয়ার্ড): মিচেল স্টার্ক (১১ টেস্টে ৫৭ উইকেট)।
বর্ষসেরা ওডিআই ক্রিকেটার: মিচেল মার্শ।
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: টিম ডেভিড।
বেলিন্ডা ক্লার্ক মেডেল (বর্ষসেরা নারী ক্রিকেটার): অ্যাবেল সাদারল্যান্ড (গত ফেব্রুয়ারিতে ট্রফি হস্তান্তরিত)।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে ট্র্যাভিস হেড জানান, সন্তানদের ২০ বছর পর এই অর্জনের গল্প শোনানো আনন্দের হবে। সামনেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সফর এবং আফ্রিকায় ওডিআই বিশ্বকাপ রয়েছে, তাই নিজের দুর্দান্ত ফর্ম বজায় রাখাই এখন তাঁর মূল লক্ষ্য।