স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত ও পরবর্তীতে বাতিল হওয়া প্রস্তাবকে ঘিরে তীব্র চাপের মুখে পড়া ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সমর্থনে এগিয়ে এসেছে মেক্সিকো ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের বিরোধিতার কারণে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে।
উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশন 'কনকাকাফ' সভাপতি হিসেবে ইনফান্তিনোর কার্যকারিতা পর্যালোচনার আহ্বান জানালেও, নিজ কনফেডারেশনের সিদ্ধান্ত থেকে সরে এসে ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে মেক্সিকান সংস্থাটি জানায়, প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না এবং ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর নেতৃত্বেই তারা কাজ চালিয়ে যেতে চায়।
অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল সংস্থাও ইনফান্তিনোকে দেওয়া এক চিঠিতে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। সংস্থাটি জানায়, বিগত ১০ বছরে ফিফা বিশ্ব ফুটবলের বিকাশ ও একটি স্বচ্ছ শাসন কাঠামোর ওপর ভিত্তি করে কাজ করেছে। বাতিল হওয়া বাণিজ্যিক প্রস্তাবে ভুলত্রুটি ও অনিশ্চয়তা ছিল বলে স্বীকার করলেও, আগামী ফিফা কংগ্রেসের আগে বর্তমান নেতৃত্বের অধীনেই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে এএফএ।
এর আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশন সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানায়। দক্ষিণ আমেরিকার কনমেবল জানিয়েছে, সকল ২১১টি সদস্য দেশের ভোট ছাড়া সভাপতিকে সরানোর যেকোনো অপচেষ্টা তারা প্রত্যাখ্যান করবে।
বিপরীত মেরুতে অবস্থান নিয়ে উয়েফা ফিফার সকল প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে, যাদের পাশে দাঁড়িয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। পাশাপাশি ইংল্যান্ড, আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর ওপর থেকে তাদের আস্থা তুলে নিয়েছে। এছাড়া আন্তর্জাতিক খেলোয়াড়দের সংগঠন 'ফিফপ্রো' এই ঘটনাকে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দিয়েছে।
বিতর্কিত প্রস্তাবটি ঘিরে ভুল স্বীকার করে ইতোমধ্যেই সদস্য দেশগুলোর কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে ফিফা। তবে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পথে ইনফান্তিনোর জন্য এই বিরোধিতা বড় এক সংকট তৈরি করল।