Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব 

স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

ক্রিকেট মাঠে এবার ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের তরুণ এক ক্রিকেটার। তবে নিজের দেশ নয়, তিনি জন্মভূমির বিপক্ষে মাঠে নামবেন তিনি। প্রথমবারের মতো মালয়েশিয়া জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষেই খেলবেন নাজমুস সাকিব। 

বাংলাদেশি হলেও সাকিব খেলবেন নিজ দেশের বিপক্ষেই। পরিবারের আর্থিক সংকটের কথা মাথায় রেখে ক্লাব ক্রিকেটে খেলার সময়ই মালয়েশিয়ায় পাড়ি জমান এই তরুণ ক্রিকেটার। তবে প্রবাসে গিয়েও ক্রিকেট ছাড়েননি তিনি। 

ধারাবাহিক ক্রিকেট খেলার এক পর্যায়ে মালয়েশিয়া জাতীয় দলে খেলার ডাক আসে তাঁর। সেই সুযোগ লুফে নেন এই তরুণ। এবার মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরে জন্মভূমির বিপক্ষেই খেলতে ঢাকায় এসেছেন তিনি। 

তার এই অভিষেকের সাক্ষী হতে যাওয়া দুই সপ্তাহের সফরে বুধবার ঢাকায় পা রেখেছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে তারা স্বাগতিকদের হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে যথাক্রমে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

খুলনার ছেলে সাকিব নিজের অনুভূতি জানিয়ে বলেন, “একজন বাংলাদেশি হয়ে অন্য একটি দেশের জাতীয় দলের জার্সি গায়ে জন্মভূমির বিপক্ষেই মাঠে নামার এই অনুভূতি সত্যিই রোমাঞ্চকর, গৌরবময় এবং তুলনাহীন।” 

এদিকে সাকিবের এই ঐতিহাসিক ম্যাচে মালয়েশিয়ার কোচ হিসেবে আছেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশের সাবেক এই কোচ মালয়েশিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এবার বাংলাদেশে এসেছেন তিনি। এই হোয়াটমোরের হাত ধরেই ২০০৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল, একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছিল ওয়ানডে জয়।

সফরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় অনুশীলন শেষে মালয়েশিয়া দল ৮ ও ১০ অগাস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি দলের মুখোমুখি হবে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই দুটি টি-টোয়েন্টি ম্যাচ শেষে সফরকারীরা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।