Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

আলভারেসকে পেতে মরিয়া বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

অ্যাটলেটিকো মাদ্রিদের প্রবল আপত্তি সত্ত্বেও আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে হাল ছাড়েনি বার্সেলোনা। মেগা এই ট্রান্সফার সফল করতে এবার নতুন করে বড় পদক্ষেপে নেমেছে কাতালান জায়ান্টরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট এবং জিজান্তেস-এর তথ্য অনুযায়ী, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং তাঁর সহকারী জোয়াও আমারাল সম্প্রতি মাদ্রিদে আলভারেসের এজেন্ট ফার্নান্দো হিদালগোর সাথে এক গোপনীয় বৈঠকে অংশ নিয়েছেন। চলতি গ্রীষ্মকালীন দলবদলে আক্রমণভাগ শক্তিশালী করতে বার্সেলোনার মূল লক্ষ্য আলভারেস। তাই চুক্তিটির ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করতেই এই বিশেষ শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ট্রান্সফারটি নিয়ে সমঝোতায় পৌঁছানো জটিল হলেও বার্সা নেতৃত্ব হাল ছাড়তে নারাজ। অ্যাটলেটিকো কর্তৃপক্ষের মনোভাব বা পরিস্থিতির রূপ বদলালে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সেজন্যই এজেন্ট হিদালগোর সাথে সরাসরি যোগাযোগ রাখছেন ডেকো।

অন্যদিকে, মাদ্রিদের ক্লাবটির অবস্থান পুরোপুরি কঠোর ও অনড়। অ্যাটলেটিকো তাদের অন্যতম সেরা তারকাকে ছাড়তে কোনোভাবেই রাজি নয়। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিন তো সাফ জানিয়ে দিয়েছেন, "আমরা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও গ্রহণ করব না, এমনকি ১৫০ বা ২০০ মিলিয়নের প্রস্তাব পেলেও তাকে বিক্রি করব না।" দেশীয় ও লিগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কাছে আলভারেসকে বিক্রি করে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চান না তিনি।

তবে এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলভারেসের নিজের আগ্রহ। বার্সেলোনার আশা, বিশ্বকাপ চলাকালেই ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাছাড়া, অ্যাটলেটিকো সভাপতির প্রতিশ্রুতি ভঙ্গের কারণেও নাকি ক্ষুব্ধ আলভারেস। আগের এক চুক্তিতে আলভারেসকে বলা হয়েছিল তিনি অন্য কোথাও যেতে চাইলে ক্লাব বাধা দেবে না, যা শেষ পর্যন্ত তারা রাখেনি।

সরাসরি ক্লাব-টু-ক্লাব যোগাযোগ স্থবির হয়ে পড়ায় এখন মধ্যস্থতাকারী ও ফুটবলারের এজেন্টের মাধ্যমেই দলবদলের বিষয়টি শেষ করার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।