Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

রোহিতের অবসর ইস্যুতে চাকরি হারাচ্ছেন আগারকার, নতুন প্রধান নির্বাচক কে?

স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক পদে অজিত আগারকারের মেয়াদ আর মাত্র এক মাসের মধ্যে শেষ হতে পারে বলে গুঞ্জন তীব্র হয়েছে। বিভিন্ন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বোর্ডের শীর্ষ কর্তারা আগারকারের জায়গায় বেঙ্গালুরুর 'সেন্টার অব এক্সিলেন্স'-এর বর্তমান প্রধান ভিভিএস লক্ষ্মণকে নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন।

আগারকারের চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও বোর্ড তাঁকে তিন মাসের একটি বর্ধিত মেয়াদ দিয়েছিল। ধারণা করা হচ্ছিল যে এই সাবেক পেসারকে আরও একটি মেয়াদ বাড়ানো হবে, যা তাঁকে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত এই পদে বজায় রাখবে।

তবে গত কয়েক মাসে পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে, বিশেষ করে ভারতের ওডিআই দলে রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া টানাপোড়েনের কারণে।

ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের ওডিআই সিরিজটিই রোহিতের ক্যারিয়ারের শেষ সিরিজ হবে বলে জোর জল্পনা তৈরি হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম 'দৈনিক জাগরণ'-এর এক প্রতিবেদনে বলা হয়, আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে পরবর্তী সিরিজগুলো থেকে রোহিতকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের তৃতীয় ওডিআই-টি রোহিতের শেষ ম্যাচ হবে, এমন সংবাদ ছড়িয়ে পড়ার পরই ঘটে বড়সড় টুইস্ট। সেই ম্যাচেই অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান 'হিটম্যান', যা নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট উভয়কেই বেশ কোনঠাসা করে ফেলে।

লর্ডস ওয়ানডের আগে এই খবর ফাঁস হওয়ার পরপরই, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রধান নির্বাচক আগরকরের সাথে আলোচনা ছাড়াই একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানান, দলের ভাবনায় থাকা পর্যন্ত রোহিত খেলা চালিয়ে যাবেন।

পিটিআইকে সাইকিয়া বলেন, "রোহিত ভারতীয় ওডিআই দলের একজন নিয়মিত সদস্য এবং যতদিন তিনি বোর্ডের পরিকল্পনায় থাকবেন, ততদিন দেশের হয়ে খেলবেন। সহজ কথায়, লর্ডস ওডিআই তাঁর শেষ ম্যাচ নয়।"

অন্য একটি সূত্রের খবর, ভারতীয় দলের দায়িত্বে থাকা নীতি-নির্ধারকদের একটি অংশ রোহিতকে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে দেখতে আগ্রহী নন। এদিকে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ১০টির মধ্যে ৮টি ম্যাচে ভারতের পর্যালোচনার জন্য বিসিসিআই একটি রিভিউ মিটিংয়ের সময় নির্ধারণ করলেও তা এখনও অনুষ্ঠিত হয়নি। ইংল্যান্ড সফর শেষ হওয়ার পরপরই পর্যালোচনা বৈঠকটি হওয়ার কথা ছিল, তবে কোনো রিভিউ ছাড়াই ভারতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে পৌঁছে গেছে।