Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

ব্রাজিলের জাতীয় দলে ফেরার এবং ২০৩০ বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে বাবা নেইমার সিনিয়র যে আশা প্রকাশ করেছিলেন, তা পুরোপুরি নাকচ করে দিয়েছেন নেইমার জুনিয়র। সিদ্ধান্তটি কেবলই তাঁর নিজের জানিয়ে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড রসিকতা করে বলেন, "মাঠে তো আমার বাবা খেলবেন না!"

গত ২৯ জুলাই, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর সেলেসাওদের জার্সিতে নিজের অধ্যায় শেষ ঘোষণা করেছিলেন নেইমার। তবে সম্প্রতি ‘নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউট’-এর নিলাম অনুষ্ঠানে তাঁর বাবা গণমাধ্যমকে বলেন, ফুটবল খেলায় চার বছর পর কী হবে তা এখনই শতভাগ নিশ্চিত করে বলা যায় না এবং নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি।

নেইমার সিনিয়র বলেছিলেন, "ও মনে করছে ওর ক্যারিয়ার শেষ, কিন্তু একটি কঠিন বিশ্বকাপ কাটিয়ে ওঠার পর আবেগ কাজ করে। চার বছর পর কী হবে কেউ জানে না।" কিন্তু নেইমার স্পষ্ট জানিয়েছেন, জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছেন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বও তাঁর।

প্রায় তিন বছর ইনজুরি ও স্কোয়াডের বাইরে থাকার পর ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ফেরেন এই সর্বকালের সেরা গোলদাতা। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বেঞ্চ থেকে নেমে খেলেছিলেন তিনি, এবং নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন যা এখন পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে তাঁর শেষ দৃশ্যপট।

ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সাথে চুক্তিবদ্ধ থাকা ৩৪ বছর বয়সী এই তারকা নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তিনি বলেন, "আমি এখনই অবসরের কথা ভাবছি না। ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের সাথে আমার চুক্তি রয়েছে এবং ক্লাবটির জন্য নিজের সর্বোচ্চটা দিতে চাই। চুক্তি শেষ হলে সব দিক ভেবে দেখব- সান্তোসে থাকব, ছেড়ে দেব, নাকি খেলা বন্ধ করব। হাতে এখনও সময় আছে।"