Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

৪৮ ঘণ্টার মধ্যে ভিনিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন এখন শেষের পথে আসছে বলে মনে হচ্ছে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডকে নিয়ে যে অনিশ্চয়তা চলছিল, সেখানে নতুন মোড় এসেছে। আগামী দুই দিনের মধ্যেই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের ফলের দিকে তাকিয়ে আছে লন্ডনের আর্সেনালও।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ছুটি শেষে প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার পর রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে আরও উন্নত বেতনের প্রস্তাব দিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বার্ষিক প্রায় তিন কোটি ইউরো বেতনের দাবিতে অনড় ছিলেন। এর ফলে আলোচনা প্রায় এক বছর ধরে আটকে ছিল। তবে সাম্প্রতিকতম প্রস্তাবে রিয়াল তাকে বার্ষিক প্রায় দুই কোটি বিশ লাখ ইউরো অফার করেছে বলে ইএসপিএন জানিয়েছে। এটি তার বর্তমান বেতন (প্রায় এক কোটি পঁচাত্তর লাখ ইউরো) থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।

রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হয়ে যাচ্ছে। চলতি মাসের মধ্যে নতুন চুক্তিতে সমঝোতা না হলে ক্লাব তাকে বিক্রি করে দিতে রাজি বলে জানা গেছে। কারণ তারা ২০২৭ সালে ফ্রি ট্রান্সফারে তাকে হারাতে চায় না। সেক্ষেত্রে তিনি ২০২৭ সালের জানুয়ারি থেকে অন্য ক্লাবের সাথে প্রাক-চুক্তি সই করার সুযোগ পাবেন।

মঙ্গলবার সকালে স্প্যানিশ সাংবাদিক রামোন আলভারেজ দে মোন জানিয়েছেন, নতুন চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনায় ক্লাব ও খেলোয়াড় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বসবেন। এর পরই আর্সেনাল তাদের অবস্থান স্পষ্ট করতে পারবে।

গতেলে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিতলেও আক্রমণভাগে আর্সেনালের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। তাই মিকেল আর্তেতা ভিনিসিয়ুসকে দলে আনতে বেশ আগ্রহী বলে জানা যায়। রিয়ালের সাথে চুক্তি না বাড়লে তিনি উত্তর লন্ডনের ক্লাবে যেতে আগ্রহী হতে পারেন। যদিও তার প্রথম পছন্দ এখনও মাদ্রিদেই থাকা।

ট্রান্সফার ফি হিসেবে রিয়াল যে পরিমাণ দাবি করবে, তা আর্সেনালের ক্লাব রেকর্ড ডেক্লান রাইসের পেছনে খরচ করা ১০ কোটি ৫০ লাখ পাউন্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ভিনিসিয়ুসকে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় করতে হতে পারে, যা বুকায়ো সাকার বর্তমান সাপ্তাহিক বেতনকেও ছাড়িয়ে যাবে।