Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

আন্তর্জাতিক ম্যাচ খেলেননি কখনো, এবার বাবরদের ব্যাটিং শেখাবেন তিনি

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

দীর্ঘদিনের ব্যাটিং বিপর্যয় আর ধারাবাহিক পরাজয়ের চাপে জর্জরিত পাকিস্তান ক্রিকেট এবার এক বড় পরিবর্তনের পথে হাঁটছে। জাতীয় দলের ব্যাটিং লাইনআপকে নতুন করে গড়ে তুলতে দুই বছরের চুক্তিতে কোচিং দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের কথা জানিয়েছে। ৪৬ বছর বয়সী এই প্রোটিয়া কোচ লাল ও সাদা—দুই সংস্করণের ক্রিকেটেই পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। বেশ কিছুদিন ধরেই এই বিশেষায়িত পদটি খালি ছিল। সম্প্রতি তারোবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ধসে প্রথম টেস্টে পরাজয়ের পর একজন দক্ষ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে ওঠে।

আগামী ১৯ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই স্কোয়াডের সঙ্গে যুক্ত হবেন স্মিথ। পাকিস্তান টেস্ট দলের বোলিং কোচ হিসেবে সাবেক পেসার উমর গুল কাজ করলেও কোনো সংস্করণেই স্থায়ী ব্যাটিং কোচ ছিল না। এতদিন জাতীয় নির্বাচক আসাদ শফিককে দিয়ে সাময়িকভাবে এ কাজ চালানো হলেও এবার স্থায়ী অভিভাবক হিসেবে স্মিথকে পাচ্ছে পাক ড্রেসিংরুম।

খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ না পেলেও কোচ হিসেবে স্মিথের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। লেভেল-৪ ডিগ্রিধারী এই কোচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুপরিচিত। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস, করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতা থাকায় পিসিবির সংস্কৃতি ও পাকিস্তানি খেলোয়াড়দের সম্পর্কে তাঁর ধারণা ভালো। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের হোবার্ট হারিকেনস ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের কনসালট্যান্ট হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

নিজের খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট এ ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। সব সংস্করণ মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটিতে মোট ৭০২৯ রান করেছেন তিনি।

তবে কোচ স্মিথের আসল পরীক্ষা শুরু হবে এখন থেকে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে আগের ছন্দে ফেরানোই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে বিদেশের মাটিতে পরপর আটটি টেস্টে পরাজয়ের পর বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের দলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনেই ইংল্যান্ড সফর। পাকিস্তান দল যেমন হারের ধারা ভেঙে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইবে, তেমনি স্মিথের সামনেও সুযোগ থাকবে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপর্যস্ত ব্যাটিংকে নতুন রূপ দেওয়ার।