স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের এজেন্ট মাইকেল ইয়োরমার্ক। লিখেছেন, ‘লন্ডন, আমি আসছি। চলো যাওয়া যাক!’ এই ছোট্ট বার্তাই এখন ফুটবল বিশ্বে ঝড় তুলেছে।
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আর্সেনালের আগ্রহ যে কতটা প্রবল, সেটা আগে থেকেই জানা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের খবর অনুযায়ী, গানার্স কোচ মিকেল আরতেতা ভিনিকে দলে নিতে ব্যস্ত। আরতেতা তাঁকে বলেছেন, এমিরেটসে এলে আক্রমণভাগের মূল চাবিকাঠি তিনিই হবেন। এমন সময়ে এজেন্টের হঠাৎ লন্ডন সফরকে সাধারণ কোনো ভ্রমণ বলে মানছেন না বিশ্লেষকরা।
২৬ বছর বয়সী ভিনিসিয়ুস জাতীয় দলের ছুটি শেষ করে সম্প্রতি রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর অবস্থান এখন আর আগের মতো স্বচ্ছ নয়। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। বেশ কয়েক মাস ধরে নতুন চুক্তির আলোচনা চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কিলিয়ান এমবাপের আসার পর ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে বলেও ইউরোপীয় মিডিয়ায় খবর বেরিয়েছে। ক্লাব এখন কঠিন সমস্যার মুখে। আর মাত্র এক বছর পর বিনামূল্যে তাঁকে হারানোর চেয়ে এখনই উপযুক্ত দামে বিক্রি করে দেওয়া আর্থিকভাবে বেশি লাভজনক হতে পারে।
দলবদলের বাজার শেষ হতে আর বেশি দিন নেই। রিয়াল মাদ্রিদের সামনে তিনটা রাস্তা খোলা- দ্রুত নতুন চুক্তি সই করানো, আর্সেনাল বা অন্য কোনো ক্লাবে ভালো দামে বিক্রি করা, অথবা বাকি সময় ক্লাবে রেখে দেওয়া।
এজেন্টের এই লন্ডন সফর শুধু আলোচনার কৌশল, নাকি সত্যিই ভিনিসিয়ুসের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আর্সেনালে; তা জানতে এখন সব চোখ লন্ডনের দিকে।