Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

‘রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া অসম্ভব’

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম অনুশীলন সেশন শেষ করে মুখ খুলেছেন পর্তুগিজ প্লেমেকার বার্নার্ডো সিলভা। ৩১ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে তাঁর এক মুহূর্তের জন্যও দ্বিধা করতে হয়নি এবং ক্লাবটির প্রস্তাবকে "না বলা অসম্ভব" ছিল।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে নিজের নতুন অধ্যায় শুরু করেন সিলভা। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, "এখানে আসতে পেরে আমি দারুণ শিহরিত ও আনন্দিত। এই ক্লাবের সাফল্য বা ইতিহাস নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ এর ইতিহাস নিজের শক্তিতে কথা বলে। রিয়াল মাদ্রিদের প্রধান কাজই হলো জয় ছিনিয়ে আনা- আমিও এখানে এসেছি দলকে সেই ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করতে।"

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোর অধীনে অনুশীলনের অভিজ্ঞতা শেয়ার করে সিলভা জানান, প্রথম সেশনটি বেশ কঠিন ছিল তবে দলে মানিয়ে নিতে তাঁর কোনো সমস্যা হয়নি, "মরিনহো পর্তুগিজ ফুটবলের জন্য অনেক কিছু করেছেন। ছোটবেলা থেকেই তাঁর অধীনস্থ দলগুলোর খেলা দেখে আমরা বড় হয়েছি এবং তিনি বিশ্বমঞ্চে পর্তুগালকে বারবার সম্মানিত করেছেন। আগে আমরা প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছি, কিন্তু এখন আমরা একই পক্ষে। তাঁর অধীনে থেকে নতুন কিছু শেখার জন্য আমি মুখিয়ে আছি।"

সিলভার মতে, সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার অনুভূতি এবং রিয়ালের ইতিহাসই তাঁকে এই সিদ্ধান্তে উদ্বুদ্ধ করেছে, "প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সুবাদে এই ক্লাবটির বিশালতা আমি খুব ভালো করেই জানি। যখন রিয়াল মাদ্রিদ থেকে খেলার প্রস্তাব এলো, তখন না বলাটা একপ্রকার অসম্ভব ছিল। আমি দ্বিতীয়বার চিন্তা না করেই হ্যাঁ বলে দিয়েছি।"

তিনি আরও যোগ করেন, পর্তুগালের কাছাকাছি থাকা এবং নিজের পরিবারের পাশে থাকার সুবিধাও এই ট্রান্সফারে সাহায্য করেছে। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ক্লাবে খেলাটাই ছিল তাঁর শৈশবের স্বপ্ন।

সাক্ষাৎকারে জিনেদিন জিদান, রুই কোস্তা এবং লুকা মদ্রিচকে নিজের ফুটবল জীবনের মূল অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন সিলভা। বিশেষ করে জিদানের বল কন্ট্রোল করার ক্ষমতা এবং মদ্রিচের মাঠ ও মাঠের বাইরের ব্যক্তিত্ব তাঁর খেলায় গভীর প্রভাব ফেলেছে বলে জানান তিনি।