স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম
রবার্ট লেভানডফস্কি ও মার্কাস র্যাশফোর্ডের বিদায়ের পর এবং ফেরান তোরেসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে বার্সেলোনার আক্রমণভাগ শক্তিশালী করার তাগিদ দিয়েছেন ক্লাবটির কোচ হানসি ফ্লিক।
কাতালান জায়ান্টরা আতলেতিকো মাদ্রিদ ও আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেসকে কিনতে প্রস্তাব পাঠালেও তা প্রত্যাখ্যান করেছে আতলেতিকো।
ইংল্যান্ডের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে বার্সেলোনার প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের ফ্লিক বলেন, "স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা জানি আক্রমণভাগে আমাদের নতুন কিছু করতে হবে। তবে অনেক কিছুই ফেরান তোরেসের পরিস্থিতির ওপর নির্ভর করছে।"
আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের বিশ্বকাপ ফাইনাল জয়ের মূল নায়ক তোরেসের বার্সেলোনায় আর মাত্র এক বছরের চুক্তি বাকি রয়েছে। ২৬ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী সাবেক স্পেন কোচ লুইস এনরিকের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তোরেস স্বীকার করেছেন, ভবিষ্যতে তিনি কোথায় থাকবেন তা এখনও নিশ্চিত নয়। তিনি বলেন, "বার্সেলোনার সাথে আমার চুক্তি রয়েছে, তবে ফুটবলে কখন কী হয় বলা যায় না। আমি শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছি।" স্বপ্নের কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাওয়া হলে তিনি ইতিবাচক উত্তর দিলেও ক্লাবটির নাম প্রকাশ করেননি।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে এনথনি গর্ডন এবং করিম আদেইয়েমিকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ফ্লিক জানান, এই দুই উইঙ্গারকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবেও ব্যবহার করা সম্ভব, "গর্ডন ও আদেইয়েমি উইংয়ের দুই প্রান্তেই খেলতে পারে, আবার 'নম্বর নাইন' হিসেবেও খেলতে সক্ষম। তাই আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।"
এর পাশাপাশি ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালও প্রয়োজনে নম্বর নাইন ভূমিকায় খেলতে পারেন বলে জানান বার্সা কোচ।