স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম
দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার তুলতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ নামের জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে আনার কথা ভাবা হচ্ছে। একইসঙ্গে প্রতিটি স্কুল-কলেজ-মাদ্রাসায় ফুটবল দল গঠন বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। দল না গঠন করলে এমপিও স্থগিতের মতো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ আরও কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিযোগিতাটিকে আরও ব্যাপক করতে উপজেলা পর্যায়ে একটা নয়, চার-পাঁচটা মাঠে একসঙ্গে খেলা হবে। এতে অনেক বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারবে এবং উৎসবের পরিবেশ তৈরি হবে।’
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শিক্ষা ও ক্রীড়া খাতের টাকা দিয়ে খরচ মেটানো যায়। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও টাকা খরচের অনুমতি আছে। জেলা পরিষদ ও পৌরসভাগুলোকেও জেলা পর্যায়ের খেলার জন্য আর্থিক সহায়তা দিতে চিঠি দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের নিজস্ব তহবিল থেকেও মাঠ পর্যায়ের আয়োজনে টাকা দেওয়া উচিত। নিয়মিত খেলার মাধ্যমেই ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করতেই হবে।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ যদি দল গঠন করতে না পারে, তাহলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা আছে। ছাত্র কম থাকলেও বিকল্প উপায়ে দল তৈরি করতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটাও খতিয়ে দেখা দরকার।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো প্রতিষ্ঠান ১১ বা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটা দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট আছে বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করা উচিত।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দিলে মাঠগুলো দ্রুত খেলার উপযোগী করা যাবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই সারাদেশে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা তৈরি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে এমবাপেকে ঢাকায় আনা সম্ভব হবে।’