স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
একসময় ইংল্যান্ডের ফুটবল মাঠে গোল করে দর্শকদের উল্লাসে ভাসিয়ে দিতেন গ্যারি লিনেকার। পরে টেলিভিশন পর্দায় ‘ম্যাচ অফ দ্য ডে’-এর উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর সেই পরিচিত প্ল্যাটফর্মই হারিয়েছেন তিনি। তবে এই ক্ষতিকে তিনি কোনো বড় ক্ষতি মনে করছেন না।
সম্প্রতি বিবিসি ছাড়ার পর ‘প্যালেস্টাইন ডিপ ডাইভ’ নামের ইউটিউব ও পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে লিনেকার জানান, চাকরি হারানোর চেয়ে নিজের মর্যাদা ও বিবেক রক্ষা করাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, “আমার কাছে চাকরি হারানোর কোনো মানে ছিল না। আসল কথা হলো নিজের বিবেককে হারানো যায় না।”
আহমেদ আলনাউক ও হালা হানিনার সঞ্চালনায় ওই আলোচনায় তার সঙ্গে ছিলেন লেখিকা ও সম্প্রচারক আফুয়া হিরশ। দুজনেই কথা বলেন রাজনৈতিক মত প্রকাশের ব্যক্তিগত মূল্য এবং যারা বিবেকের তাড়নায় সত্য বলে ওঠেন, তাদের ওপর কীভাবে সামাজিক ও প্রাতিষ্ঠানিক চাপ তৈরি করা হয় সে বিষয়ে। আলোচনায় উঠে আসে কেন এখনো অনেকে ফিলিস্তিন ইস্যুতে মুখ খুলতে ভয় পান এবং যারা সাহস দেখান, তাদের বিরুদ্ধে কীভাবে অপপ্রচার চালানো হয়।
আফুয়া হিরশ বলেন, “এসব চাপ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় মানুষকে ভয় দেখানো ও চুপ করানোর জন্য। গ্যারি লিনেকারের মতো কেউ যদি সাহস করে কথা বলেন, তাহলে তাকে কোনো না কোনোভাবে নামিয়ে আনার চেষ্টা করাই হয়।” তিনি আরও প্রশ্ন তোলেন যদি নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে না পারেন, তাহলে বড় প্ল্যাটফর্মের মূল্যই বা কী?
বিবিসি ছাড়ার পর বিতর্ক হলেও লিনেকার মনে করেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অভিজ্ঞতা তার জীবনকে আরও সমৃদ্ধ করেছে। যারা এখনো ভয়ে চুপ থাকেন, তাদের উদ্দেশে তিনি বার্তা দেন—“আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলার পর এবং বিবিসি ছাড়ার পর থেকে আমার জীবন আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও সুখী হয়েছে।”