Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইতিহাস গড়ে ভারতের দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

দুই মৌসুম ধরে রঞ্জি ট্রফিতে ঝড় তুলেও জাতীয় দলের দরজা যেন খুলছিল না আকিব নবির জন্য। জম্মু ও কাশ্মীরের এই পেসার বারবার ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। চোটের কারণে ছিটকে যাওয়া জাসপ্রীত বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেলেন তিনি। প্রথমবারের মতো ভারতীয় জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলেন এই তরুণ বোলার।

তাতে খুলে গেল ইতিহাসের দুয়ারও। জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া প্রথম ক্রিকেটার ২৯ বছর বয়সী এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। সেই আঘাত এখনো পুরোপুরি সারেনি। ফলে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন তিনি। এর আগেই ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, বুমরাহর জায়গায় সবচেয়ে এগিয়ে আছেন আকিব। শেষ পর্যন্ত সেই পূর্বাভাসই সত্যি হলো।

বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচক কমিটি জাসপ্রীত বুমরাহর পরিবর্তে আকিব নবিকে দলে অন্তর্ভুক্ত করেছে। জম্মু ও কাশ্মীরের এই পেসার এবারই প্রথম ভারতীয় দলে সুযোগ পেলেন।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যই আকিবকে এই সুযোগ এনে দিয়েছে। রঞ্জি ট্রফির শেষ দুই মৌসুমে তিনি মোট ১০৪টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে জম্মু ও কাশ্মীর ইতিহাসে প্রথমবার রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে।

সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচেও খেলেছেন আকিব। সেখানে ছয় উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ আগস্ট গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট কলম্বোতে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।