স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে তুরিনে নিয়ে আসার জল্পনা কয়েকদিন ধরেই জমে উঠেছিল। কিন্তু সেই আশায় এবার জল ঢেলে দিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটি তাদের ট্রান্সফার পরিকল্পনা থেকে এমির নাম সরিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছেন স্বনামধন্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো।
রোমানোর তথ্য অনুসারে, জুভেন্টাস অ্যাস্টন ভিলাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে তারা আর মার্তিনেজকে কেনার চেষ্টা করবে না। মূল বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। ভিলা প্রায় ১০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছিল। এর সঙ্গে এমির উচ্চ বেতন যোগ করলে মোট খরচ জুভেন্টাসের বর্তমান বাজেটের বাইরে চলে যাচ্ছিল। তাই ক্লাব কর্তৃপক্ষ এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর এমি ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। ভিলার হয়ে ২৫৬ ম্যাচে ৮০টি ক্লিনশিট রেখেছেন তিনি। ক্লাবটির সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি থাকায় ভিলা শক্ত অবস্থানে ছিল এবং উচ্চ মূল্য দাবি করতে পারছিল।
৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপারের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নয় জুভেন্টাস। ক্লাবটির সাম্প্রতিক ট্রান্সফার নীতির সঙ্গেই মিল রেখে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা অন্য কোনো গোলকিপার খুঁজতে তৎপর। নতুন কোনো বড় প্রস্তাব না এলে এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলায়ই থাকবেন।