Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

দুঃসময় ইনফান্তিনোর পাশে কাতার

স্পোর্টস ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার এখন কাঁপছে। ইউরোপের শক্তিশালী সংস্থা উয়েফা সরাসরি আস্থা হারানোর কথা জানিয়েছে। কনকাকাফও কড়া সমালোচনা করেছে তাঁর বিরুদ্ধে। এমন চাপের সময়েই কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সোচ্চার হয়ে পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর।

সম্প্রতি বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব প্রত্যাহারের পর কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে, জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এ মুহূর্তে সবচেয়ে জরুরি। কাতারের মতে, প্রস্তাবটিতে কিছু ইতিবাচক দিকও ছিল; যেমন প্রতিটি সদস্য দেশকে এককালীন ২ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়টি। তবে ঐক্য ও দূরদর্শিতাকেই অগ্রাধিকার দিয়েছেন ইনফান্তিনো, যা প্রশংসার দাবি রাখে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, “প্রস্তাবটিতে বিচার-বিশ্লেষণের মতো কিছু ভালো দিক থাকলেও বর্তমান সময়ে সব সদস্য জাতীয় অ্যাসোসিয়েশনের ধারাবাহিক ঐক্য বজায় রাখা এবং এই সিদ্ধান্তের পেছনের দূরদর্শিতাকেই আমরা প্রাধান্য দিচ্ছি। বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ ও প্রসারে সভাপতি ইনফান্তিনোর চলমান প্রচেষ্টার প্রতি আমরা পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।”

২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশটির এমন বিবৃতি ইনফান্তিনোর জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে দেখা হচ্ছে। যখন বড় বড় কনফেডারেশন থেকে সমালোচনার ঝড় উঠছে, তখন কাতারের এই অবস্থান সভাপতির পক্ষে একটা শক্তিশালী বার্তা দিয়েছে।