স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম
স্পেনকে বিশ্বকাপ ফাইনালে জয়ের স্বাদ এনে দেওয়া গোলের পর ফেরান তোরেসের নাম এখন সবার মুখে। সেই তারকার দিকে এবার নজর দিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। তবে তাকে দলে টানতে হলে প্যারিসের ক্লাবকে বেশ বড় অঙ্কের টাকা খরচ করতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের তথ্য অনুযায়ী, বার্সেলোনা তোরেসকে ছেড়ে দিতে রাজি আছে ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় ৭৮১ কোটি টাকারও বেশি। কাতালান ক্লাবটি এখনো এই ফরোয়ার্ডকে তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখে। তবে যেকোনো মূল্যে তাকে ধরে রাখার পথে হাঁটতে চায় না তারা।
বার্সা তোরেসকে তাদের নির্ধারিত বেতন কাঠামোর মধ্যেই নতুন চুক্তির প্রস্তাব দেবে, যা সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে। অন্য কোনো ক্লাব যদি বেশি বেতন অফার করে, তাহলে বার্সা সেই প্রতিযোগিতায় নামবে না। ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা তোরেসের হাতেই ছেড়ে দিয়েছে ক্লাব। তিনি থাকতে চাইলে স্বাগত জানানো হবে। আর নতুন চ্যালেঞ্জের খোঁজে চলে যেতে চাইলে ন্যায্য মূল্য নিশ্চিত করেই তাকে বিদায় দেওয়া হবে।
এখন পর্যন্ত পিএসজির পক্ষ থেকে বার্সার সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। ফরাসি ক্লাবটির আগ্রহের কথা তারা জানতে পেরেছে সংবাদমাধ্যম থেকে। আগামী সপ্তাহে তোরেস নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালে আর্থিক চাপের মধ্যেও ম্যানচেস্টার সিটি থেকে তোরেসকে আনতে বার্সা ৫৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল। এখন সেই অর্থ অন্তত ফেরত পেতে চায় ক্লাব। তবে তোরেস চলে গেলে বার্সার জন্য নতুন সমস্যা তৈরি হতে পারে। তরুণ মিশরীয় হামজা আবদেলকরিম ছাড়া দলে আর কোনো স্বীকৃত সেন্টার ফরোয়ার্ড থাকবে না। সেক্ষেত্রে কোচ হান্সি ফ্লিকের নতুন ফরোয়ার্ড নেওয়ার দাবি আরও জোরালো হয়ে উঠবে।