Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

জিদানের অভিষেক ঘিরে উন্মাদনা, একদিনেই শেষ ফ্রান্স-ইতালি ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম

ফরাসি ফুটবলে কিংবদন্তি জিনেদিন জিদানের প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইতালির বিপক্ষে কোচ হিসেবে জিদানের ঘরের মাঠে প্রথম ম্যাচের টিকিট মাত্র একদিনের কম সময়ে সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে।

প্যারিসের ঐতিহাসিক ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণের সব টিকিট শেষ হয়ে যাওয়ার খবরটি শনিবার নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।

দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর বিদায় নেওয়া দিদিয়ে দেশমের স্থলাভিষিক্ত হয়েছেন জিদান। ফ্রান্সকে আবারও ইউরোপ ও বিশ্ব ফুটবলের শীর্ষ চূড়ায় ফিরিয়ে নেওয়ার গুরুদায়িত্ব এখন তাঁর কাঁধে। জিদানের অধীনে ফরাসিদের এই নতুন যুগের সূচনা দেখতে মুখিয়ে আছেন দেশটির ফুটবলপ্রেমীরা।

জিদানের নির্দেশনায় ফ্রান্সের আসন্ন সূচি:
প্রথম ম্যাচ: ২৫ সেপ্টেম্বর, তুরস্কের বিপক্ষে (অ্যাওয়ে ম্যাচ)।

দ্বিতীয় ম্যাচ: ২৮ সেপ্টেম্বর, বেলজিয়ামের বিপক্ষে (অ্যাওয়ে ম্যাচ)।

প্রথম হোম ম্যাচ (প্যারিস): ২ অক্টোবর, রাত ৮:৪৫ মিনিটে (ফরাসি সময়) ইতালির মুখোমুখি হবে ফ্রান্স।

পরবর্তী হোম ম্যাচ: ৫ অক্টোবর, প্যারিসেই পুনরায় বেলজিয়ামের মুখোমুখি হবে লে ব্লুসরা (আরএমসির তথ্যমতে, এই ম্যাচেরও হাতে গোনা প্রথম ক্যাটাগরির টিকিট বাকি রয়েছে)।