Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ভিনিসিয়ুসকে দলে নেওয়ার ব্যাপারে যা জানালেন আর্সেনাল কোচ আর্তেতা

স্পোর্টস ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

স্পেনে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জিরোনাকে ৪-১ ব্যবধানে হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ২৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের আর্সেনালে যোগ দেওয়ার খবর সম্পর্কে সরাসরি প্রশ্ন করা হলে হেসে উড়িয়ে দেন তিনি। তবে দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে গানারদের স্কোয়াড আরও শক্তিশালি করার ইঙ্গিত স্পষ্ট করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের সাথে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারের চুক্তির আর মাত্র ১ বছর বাকি রয়েছে (মেয়াদ শেষ আগামী গ্রীষ্মে)। নতুন চুক্তির বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছায়নি দুই পক্ষ। ভিনিসিয়ুস চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিলে সুযোগ কাজে লাগাতে উন্মুখ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল।

স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ভিনিকে শেষবারের মত চুক্তির অফার প্রস্তাব দিয়েছে রিয়াল। যদি ব্রাজিলিয়ান তারকা তা গ্রহণ না করেন তবে তাকে বিক্রি করে দেওয়া হতে পারে। এ কারণে বিষয়টির প্রতি নজর রাখছে আর্সেনাল। সুনির্দিষ্টভাবে কোনো খেলোয়াড়ের নাম না বললেও আর্তেতা জানান, "আমরা সত্যিই খুব সক্রিয়ভাবে দল পুনর্গঠনে কাজ করছি। আগামী কয়েক সপ্তাহে দলে নতুন কিছু পরিবর্তন বা খেলোয়াড় আসা-যাওয়া আমরা আশা করছি, কারণ প্রতিটি ক্লাবের মতো আমরাও আরও শক্তিশালী হতে চাই।"

চলতি দলবদলের মৌসুমে আর্সেনালের মূল সাইনিং গ্রীক উইঙ্গার ক্রিস্টোস জোশলিস, যিনি ক্লাব ব্রুগ থেকে ৩৪ মিলিয়ন পাউন্ড ফি-তে আর্সেনালে যোগ দিয়েছেন। জিরোনার বিরুদ্ধে ৪-১ জয়ের ম্যাচে তিনি নিজের প্রথম গোলটি করেন। ভিনিসিয়ুসের পাশাপাশি নিউক্যাসেল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেসের দিকেও নজর রাখছে আর্সেনাল।