Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপসঙ্গী কারা?

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

আট বছরের বিরতির পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর আবার ঢাকায় ফিরছে। ঘরের মাঠ, পরিচিত স্টেডিয়াম আর হাজারো সমর্থকের উষ্ণ সমর্থন নিয়ে লাল-সবুজ জার্সি এবার ট্রফি খরা কাটাতে প্রস্তুত। নভেম্বরের সেই অপেক্ষার আগে আজ ভুটানের থিম্পুতে ড্র সম্পন্ন হয়েছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের।

ড্রয়ে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে এবং ‘এ’ গ্রুপের রানার্সআপ লড়বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। দুই সেমির বিজয়ীরা ফাইনালে মুখোমুখি হবে।

নেপাল এখনও ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। তাই ড্রতে তাদের নাম নেই। তবে সাফ তাদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে নেপাল টুর্নামেন্টে যোগ দিতে পারবে। সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প সূচিও তৈরি করে রাখা হয়েছে। ড্রয়ের দিনই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর রাজধানীর পল্টন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ। বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ জিতেছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেছে ব্যর্থতায়। এখন হামজা, সোমিত, মোরসালিনসহ তরুণ ফুটবলারদের উজ্জ্বল পারফরম্যান্সে দলের মধ্যে নতুন আশা জেগেছে। স্বাগতিক সুবিধা ও সমর্থকদের জোরালো সমর্থন কাজে লাগিয়ে এবার ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। ৯ বার শিরোপা জিতেছে তারা। মালদ্বীপ দুইবার এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।