স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম
নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্কট এডওয়ার্ডস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিওতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর বাকি ম্যাচগুলোর জন্য অলরাউন্ডার বাস ডি লিড ডাচদের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ভিডিওতে সতীর্থদের উদ্দেশ্যে এডওয়ার্ডস বলেন, "হঠাৎ এভাবে সিদ্ধান্ত জানানোর জন্য দুঃখিত, তবে আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। কোচ রায়ান কুক এবং আরও কয়েকজনের সাথে আলোচনা করার পরেই আমি মনে করেছি সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। একজন ব্যাটার ও উইকেটরক্ষক খেলোয়াড় হিসেবে দলকে আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা আমার আছে এবং সামনে সেই লক্ষ্য নিয়েই খেলতে চাই।"
২০২২ সালের জুনে ডাচদের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন এই কিপার-ব্যাটার। তাঁর মেয়াদে নেদারল্যান্ডস ৫৬টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে বড় চমক দিয়েছিল নেদারল্যান্ডস, যা এডওয়ার্ডসের অধিনায়কত্বের অন্যতম সেরা সাফল্য। এছাড়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও প্রোটিয়াদের হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল ডাচরা।
নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া বাস ডি লিডে ডাচদের নেতৃত্ব দেবেন ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে লিগ ২-এর শেষ পর্বের ম্যাচগুলোতে। বিদায়ী অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে ডি লিডে বলেন, "খেলোয়াড়দের পক্ষ থেকে বলতে চাই, বিগত বছরগুলোতে তুমি আমাদের দারুণ কিছু লড়াইয়ে নেতৃত্ব দিয়েছ। আমাদের নিজেদের ওপর বিশ্বাস না থাকলেও তুমি প্রতিটি ম্যাচে আমাদের যেভাবে বিশ্বাস জুগিয়েছ, তা সত্যিই বিশেষ ছিল।"
বর্তমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। শীর্ষ চারটি দল ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে।