Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

অ্যাশেজে খেলতে অবসর ভেঙে ফিরবেন স্টোকস?

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। চার বছর দলকে নেতৃত্ব দেওয়ার পর মানসিক ক্লান্তি ও প্রেরণা হারানোর কথা জানিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজকে সামনে রেখে তাঁর হঠাৎ দলে ফেরার গুঞ্জন নতুন করে উসকে দিয়েছেন ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কী।

ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হিসেবে স্টিফেন ফ্লেমিংকে নতুন টেস্ট কোচ ঘোষণার পর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রব কী জানান, স্টোকসের সাথে এ বিষয়ে তাঁর সরাসরি কোনো কথা না হলেও তারকা এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে তিনি একবাক্যে উড়িয়ে দিচ্ছেন না। রব কী বলেন, "যদি সে ফিরে আসে তবে এটি এক রোমাঞ্চকর গল্প হবে। সে এমন কোনো ইঙ্গিত অবশ্য এখনও দেয়নি, তবে সে ফিরলে আমি মোটেও অবাক হব না। বেনকে দিয়ে যেকোনো কিছুই সম্ভব।"

এদিকে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও স্টোকসের ফেরার সম্ভাবনায় ইতিবাচক সায় দিয়েছেন। এক রেডিও সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন যে, স্টোকসের মতো তারকা যদি অবসর ভেঙে আরও একটি অ্যাশেজ খেলতে নামেন, তবে তা রূপকথার গল্পের মতো হবে এবং সিরিজের আকর্ষণে নতুন মাত্রা যোগ করবে।

অবসরের পরপরই স্টোকস জানিয়েছিলেন তিনি হয়তো গ্যালারির হসপিটালিটি বক্স থেকে পরবর্তী অ্যাশেজ উপভোগ করবেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও সম্প্রতি ডারহামের হয়ে ওয়ানডে কাপে সেঞ্চুরি করে নিজের ফর্ম ধরে রেখেছেন স্টোকস। এছাড়া ট্রেন্ট ব্রিজে ম্যাচ চলাকালীন হঠাৎ অবসর ঘোষণার কারণে ইংলিশ বোর্ডের সাথে তাঁর কোনো দূরত্ব তৈরি হয়নি বলেও রব কী স্পষ্ট করেছেন। নতুন কোচ স্টিফেন ফ্লেমিং দায়িত্ব নেওয়ার পর স্টোকসকে পুনরায় লাল বলের ক্রিকেটে ফেরানোর চেষ্টা করেন কিনা, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।