স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে অঞ্চলভিত্তিক অনুর্ধ্ব দল নির্বাচনে সুযোগ না পেয়ে ১৭ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার অদিতি মোড়েশ্বর চৌকান্দে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) নাগপুরের লক্ষ্মী নগর এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নাগপুরের বিখ্যাত ভিদার্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে বিগত দুই বছর ধরে নাগপুরের সুর্ভে ক্রিকেট একাডেমিতে কঠোর অনুশীলন করছিলেন অদিতি। মহারাষ্ট্রের আকোলা থেকে এসে অদিতির মা তাঁর ক্যারিয়ার গড়ার জন্য নাগপুরে বসবাস করছিলেন। অদিতির ভাইও একজন পেশাদার ক্রিকেটার।
গত বুধবার সকাল সাড়ে ৫টার দিকে নাগপুরের লক্ষ্মীনগর এলাকার একটি বাসা থেকে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানান, সম্প্রতি বিদর্ভের দলে নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই ক্রিকেটার। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি চূড়ান্ত তদন্তের পর জানা যাবে।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা চীতন চৌহান নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটে লেখা ছিল, "আমি নির্বাচিত হইনি।" দল না পাওয়ার চরম মানসিক হতাশা থেকেই তিনি এই মর্মান্তিক পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং অদিতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।